কোচবিহারে তুলকালাম! বিজেপি প্রার্থী রথীন্দ্র বোসকে কালো পতাকা, প্রচার ঘিরে রণক্ষেত্র ফলিমারি!

নির্বাচনের ঘণ্টা বাজতেই কোচবিহারে পারদ চড়ছে। বুধবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলিমারি অঞ্চলের ভোটবাড়ি এলাকায় বিজেপি প্রার্থী রথীন্দ্র বোসের (Rathindra Bose) প্রচার ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বিজেপি প্রার্থীর যাত্রাপথে বাধা সৃষ্টি করে তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে দুই শিবিরের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়, যা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে।
বিজেপির অভিযোগ: বিজেপি শিবিরের দাবি, রথীন্দ্র বোস যখন দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগ সারছিলেন, তখন আচমকাই তৃণমূলের একদল স্থানীয় কর্মী তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। গেরুয়া শিবিরের অভিযোগ, পরিকল্পিতভাবেই এই বাধা দেওয়া হয়েছে যাতে ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করা যায়। বিজেপি কর্মীদের প্রতিরোধের মুখে পরে বিক্ষোভকারীরা পিছু হটে বলে দাবি করা হয়েছে।
পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল প্রার্থীর: বিজেপির অভিযোগকে সরাসরি নসাৎ করে দিয়েছেন তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। উল্টে তিনি বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই নির্বাচনী বিধি ভঙ্গের তোপ দেগেছেন। অভিজিতের অভিযোগ, “বিজেপি প্রার্থী নিয়ম ভেঙে প্রায় ২০টি গাড়ি নিয়ে এলাকায় ঢুকেছিলেন। অনুমতি ছাড়া এত গাড়ির মিছিল কীভাবে হয়?” পাশাপাশি, প্রশাসন ও নির্বাচন কমিশন কেন এই বিষয়ে নীরব, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে কালো পতাকা দেখানোর বিষয়ে তিনি জানান, ঘটনাটি তাঁর জানা নেই এবং তিনি খোঁজ নিয়ে দেখবেন।
উত্তপ্ত কোচবিহার: ভোটের ঠিক আগে কোচবিহারের মতো স্পর্শকাতর জেলায় এই ধরনের ঘটনা নতুন করে অশান্তির ইঙ্গিত দিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা উদ্বেগ ছড়িয়েছে। শেষ পর্যন্ত এই রেষারেষি ইভিএম-এ কী প্রভাব ফেলে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।