দিল্লির দপ্তরে ‘অপমান’, বাইরে এসে নির্বাচন কমিশনারকে ধুয়ে দিলেন মহুয়া মৈত্র! উত্তাল রাজনীতি

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তৃণমূল সাংসদদের ‘গেট লস্ট’ বলার অভিযোগ ঘিরে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে দিল্লিতে। এবার সেই আগুনে ঘৃতাহুতি দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মেজাজ হারিয়ে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে ‘বিজেপির বুটলিকার’ (BJP’s Bootlicker) বা চটি চাটা বলে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি।
দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে কমিশনারের উত্তপ্ত বাক্যবিনিময়ের খবর সামনে আসতেই সরব হন মহুয়া। একটি ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন এখন আর নিরপেক্ষ প্রতিষ্ঠান নেই, বরং তারা বিজেপির আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে। মহুয়ার কথায়, “যাঁরা বিরোধী দলের সাংসদদের সঙ্গে সৌজন্য বজায় রাখতে পারেন না এবং শাসকদলের তল্পিবাহকতা করেন, তাঁদের জন্য এই শব্দই প্রযোজ্য।”
উল্লেখ্য, মহুয়ার এই ভিডিও পোস্ট হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনও জ্ঞানেশ কুমারকে নিশানা করেছিলেন। ডেরেক অভিযোগ করেছিলেন যে, বাংলার মানুষের দাবি নিয়ে কথা বলতে গেলে কমিশনার তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
তৃণমূলের অভিযোগ, ২০২৬ নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে কমিশন একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। আর সেই প্রতিবাদ জানাতে গিয়েই সাংসদদের এই অপমানের শিকার হতে হয়েছে।
পাল্টা আসরে নেমেছে বিজেপিও। গেরুয়া শিবিরের দাবি, হার নিশ্চিত জেনে এখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর আক্রমণ করে নজর ঘোরানোর চেষ্টা করছে তৃণমূল। তবে মহুয়ার এই ‘বুটলিকার’ মন্তব্য যে জাতীয় রাজনীতিতে প্রতিবাদের ঝড় তুলবে, তা নিশ্চিত।