লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থার বিরুদ্ধে কড়া অ্যাকশন আর্টিস্ট ফোরামের! মুম্বইতেও কি বন্ধ হবে শুটিং?

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ টলিউড। মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওতে দিনভর ম্যারাথন বৈঠকের পর এক ঐতিহাসিক এবং কঠোর সিদ্ধান্তের কথা ঘোষণা করল শিল্পী মহল। টলিউড ইন্ডাস্ট্রির ইতিহাসে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত কোনো অভিনেতা বা টেকনিশিয়ান প্রখ্যাত প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে কাজ করবেন না।
ম্যাজিক মোমেন্টস বয়কটের ডাক
বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আর্টিস্ট ফোরামের নেতৃত্ব জানান, শিল্পী ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই অসহযোগিতার সিদ্ধান্ত। ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না রাহুল মৃত্যুর সঠিক বিচার মিলছে এবং শুটিং সেটের পরিবেশ নিরাপদ হচ্ছে, ততদিন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের এই সংস্থার সঙ্গে কোনো সম্পর্ক রাখা হবে না।
সর্বভারতীয় স্তরে পদক্ষেপের হুঁশিয়ারি
এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া টলিউড সুপারস্টার তথা আর্টিস্ট ফোরামের সহ-সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, এই প্রতিবাদ শুধু বাংলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তিনি বলেন, “আমরা শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। আপাতত বাংলায় কাজ বন্ধ করা হয়েছে। খুব শীঘ্রই আমরা জাতীয় স্তরেও আবেদন জানাব যাতে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সংস্থার সঙ্গে কেউ কাজ না করে।” তিনি আরও জানান যে, বর্তমানে শিল্পীদের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এমতাবস্থায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সম্ভব নয়।
আসছে নতুন SOP
শুধুমাত্র বয়কট নয়, টলিউডের কাজের সংস্কৃতি বদলাতেও উদ্যোগী হয়েছে ফোরাম। শুটিং সেটে কাজের সময়সীমা, মানসিক চাপ এবং সামগ্রিক নিরাপত্তা বজায় রাখতে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) বা নীতিমালা তৈরির কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে যাতে কোনো শিল্পীকে এমন করুণ পরিণতির শিকার হতে না হয়, তা নিশ্চিত করাই এই নীতির প্রধান লক্ষ্য।
রাহুল অরুণোদয়ের মৃত্যুর ছায়া এখন কেরল থেকে ওড়িশা এবং হিন্দি বলয় পর্যন্ত বিস্তৃত। রাজনৈতিক মহলেও এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। টলিউডের এই ঐক্যবদ্ধ লড়াই আদতে গোটা দেশের বিনোদন জগতের নিরাপত্তা ব্যবস্থার দিকেই আঙুল তুলে দিয়েছে।