২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ থেকে সরকারি চাকরিতে নিয়োগ—কংগ্রেসের ‘ন্যায়’ ইস্তাহারে রয়েছে আর কী কী?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় চমক দিল জাতীয় কংগ্রেস। ২৯৪টি আসনের প্রার্থী তালিকা আগেই প্রকাশ করা হয়েছিল, আর আজ কলকাতায় এসে দলের নির্বাচনী ইস্তাহার বা ‘ম্যানিফেস্টো’ প্রকাশ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। উপস্থিত ছিলেন বর্ষীয়ান নেতা জয়রাম রমেশও। এদিন ইস্তাহার প্রকাশের মঞ্চ থেকে খাড়্গে স্পষ্ট বার্তা দেন, তৃণমূল ও বিজেপির বাইরে পশ্চিমবঙ্গকে একটি শক্তিশালী ‘তৃতীয় বিকল্প’ উপহার দিতে চায় কংগ্রেস।

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই কংগ্রেসের ইস্তাহারে সবচেয়ে বড় ফোকাস রাখা হয়েছে শিক্ষার ওপর। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় এলে স্নাতকোত্তর স্তর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। শুধু তাই নয়, তাঁদের হাতে প্রতি মাসে ২০০০ টাকা করে উৎসাহভাতা দেওয়া হবে। বেকারত্বের জ্বালা মেটাতে এক বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণের ঐতিহাসিক প্রতিশ্রুতিও দিয়েছেন খাড়্গে।

সাধারণ মানুষের পকেটে স্বস্তি দিতে কংগ্রেসের ইস্তাহারে রয়েছে গুচ্ছ পরিকল্পনা। মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, প্রতিটি পরিবারের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা এবং মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কৃষকদের জন্য বছরে ১৫ হাজার টাকা করে অনুদান এবং রাজ্যজুড়ে ‘এআই স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার কথা বলা হয়েছে ইস্তাহারে। তৃণমূলের জনমোহিনী প্রকল্পের পাল্টা এই বিশাল প্রতিশ্রুতির ডালি ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।