আমেরিকা-ইরান সংঘর্ষবিরতিতে বড় পতন তেলের দামে, সাধারণ মানুষের পকেটে কি এবার টান কমবে?

মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দামে বড়সড় পতন লক্ষ্য করা গেল। গত কয়েক সপ্তাহের অস্থিরতা কাটিয়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। এই পরিস্থিতির ইতিবাচক প্রভাব ভারতের বাজারেও পড়তে শুরু করেছে। আজ, বুধবার ৮ এপ্রিল, তেল বিপণন সংস্থাগুলি (OMCs) পেট্রোল ও ডিজেলের নতুন দাম প্রকাশ করেছে। যদিও মার্চ মাসের শেষে কেন্দ্র অন্তঃশুল্ক কমিয়েছিল, তবে বর্তমান যুদ্ধবিরতির পর তেলের দামে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার আশা করছে বিশেষজ্ঞ মহল।
মেট্রো শহরগুলিতে আজকের দাম (লিটার প্রতি): * কলকাতা: পেট্রোল ১০৩.৯৪ টাকা, ডিজেল ৯০.৭৬ টাকা।
নয়াদিল্লি: পেট্রোল ৯৪.৭২ টাকা, ডিজেল ৮৭.৬২ টাকা।
মুম্বই: পেট্রোল ১০৪.২১ টাকা, ডিজেল ৯২.১৫ টাকা।
চেন্নাই: পেট্রোল ১০০.৭৫ টাকা, ডিজেল ৯২.৩৪ টাকা।
এছাড়াও বেঙ্গালুরুতে পেট্রোল ১০২.৯২ টাকা এবং হায়দরাবাদে আজ পেট্রোলের দাম সবচেয়ে বেশি, ১০৭.৪৬ টাকা। প্রতিদিন সকাল ৬টায় আন্তর্জাতিক বাজারের ক্রুড অয়েলের দাম এবং ডলারের সাপেক্ষে টাকার বিনিময় হার বিচার করে এই দাম নির্ধারিত হয়। যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ার দিকে এগোলে আগামী দিনে জ্বালানির দাম আরও কমতে পারে বলে ইঙ্গিত মিলছে।