রাজ্যে ভোট নিয়ে নজিরবিহীন কড়া কমিশন, দিল্লির তলবে কাঁপছেন পর্যবেক্ষকরা!

পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এবার সরাসরি ময়দানে নামছে ভারতের নির্বাচন কমিশন। রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকা এবং বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভার্চুয়াল বৈঠকে বসছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সকাল সাড়ে দশটার পর শুরু হওয়া এই মেগা বৈঠকে যোগ দেবেন রাজ্যের সমস্ত জেনারেল অবজার্ভার, পুলিশ অবজার্ভার এবং আয়-ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষকরা।

কমিশন সূত্রে খবর, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কিছু জায়গায় পর্যবেক্ষকদের কাজ নিয়ে খুশি নয় দিল্লি। বিশেষ করে কলকাতা-সহ একাধিক সংবেদনশীল এলাকায় পর্যবেক্ষকরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না বলে অভিযোগ উঠেছে। নগদ অর্থ উদ্ধার এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যে তৎপরতা আশা করা হয়েছিল, তা অনেক ক্ষেত্রে অনুপস্থিত। এছাড়াও, মোথাবাড়ির সাম্প্রতিক ঘটনা প্রশাসনের অন্দরে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। ওই ঘটনার প্রেক্ষিতে পুলিশ পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই একাধিক রিপোর্ট জমা পড়েছে কমিশনের দপ্তরে, যেখানে তাঁদের কার্যপদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

আজকের এই হাই-ভোল্টেজ বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার সরাসরি পর্যবেক্ষকদের কাজের কৈফিয়ত চাইতে পারেন। এর পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) এবং স্পেশাল অবজার্ভাররা। সূত্র মারফত জানা যাচ্ছে, যদি কোনও আধিকারিকের কাজে গাফিলতি প্রমাণিত হয়, তবে কমিশন তাঁকে সরাসরি সরিয়ে দেওয়ার মতো কঠোর পদক্ষেপও নিতে পারে। নিশ্ছিদ্র নিরাপত্তা এবং টাকার খেলা বন্ধ করাই এখন কমিশনের প্রধান লক্ষ্য।