Air Coooler-এর শব্দ হচ্ছে, সমাধান নিজেই করুন ৫ উপায়ে

তীব্র গরমে এসি কেনার সামর্থ্য সবার না থাকলেও এয়ার কুলার এখন ঘরে ঘরে। কিন্তু অনেক সময় কুলার চালু করলেই শুরু হয় বিড়ম্বনা—অদ্ভুত ‘গড়গড়’, ‘গুরর’ বা ‘বুদবুদ’ শব্দে প্রাণ ওষ্ঠাগত হয় অনেকের। অনেকেই ভাবেন প্রিয় যন্ত্রটি বোধহয় অকেজো হয়ে গেল! তবে ঘাবড়ানোর কিছু নেই; অধিকাংশ ক্ষেত্রেই এই শব্দের কারণ খুব সাধারণ এবং আপনি নিজেই এর সমাধান করতে পারেন।

কেন হয় এই বিরক্তিকর শব্দ?

কুলারের ভেতর পাম্প, ফ্যান এবং জলএকসঙ্গে কাজ করে। এর যেকোনো একটি অংশে ত্রুটি দেখা দিলেই ছন্দপতন ঘটে:

  • জলের স্তর: ট্যাংকে জল খুব কম থাকলে পাম্পের ভেতরে বাতাস ঢুকে যায়, যা পাইপে বুদবুদ তৈরি করে শব্দ ঘটায়।

  • এয়ার লক: দীর্ঘদিন কুলার বন্ধ থাকলে পাম্পের ভেতরে বাতাস জমে ‘এয়ার লক’ হতে পারে, যা অস্বাভাবিক আওয়াজ তৈরি করে।

  • ময়লা জমা: ধুলোবালি বা জলের খনিজ উপাদান জমে পাইপের ছিদ্র বা নোজল বন্ধ হয়ে গেলে জলের প্রবাহে বাধা সৃষ্টি হয়, ফলে পাম্পে চাপ পড়ে শব্দ হয়।

  • দুর্বল পাম্প: অনেক পুরনো পাম্প জল তোলার ক্ষমতা হারিয়ে ফেললে গোঙানির মতো শব্দ করতে থাকে।

৫টি সহজ ধাপে নিজেই সারিয়ে ফেলুন কুলার

মেকানিক ডেকে বাড়তি টাকা খরচ করার আগে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন:

১. পুরো ট্যাংক পরিষ্কার: প্রথমে কুলারের সব জল বের করে দিন। সাবান বা ক্লিনার দিয়ে ভেতরটা ভালোভাবে ধুয়ে ফেলুন যাতে কোনো পিচ্ছিল ময়লা না থাকে।

২. সঠিক পরিমাণে জল: ট্যাংক একদম উপচে ভরা বা একদম খালি রাখবেন না। মাঝামাঝি বা তিন-চতুর্থাংশ জল ভরা আদর্শ।

৩. এয়ার লক দূর করা: পাম্পটি হালকা নেড়ে দেখুন অথবা কিছুক্ষণ চালিয়ে বাতাস বের হওয়ার সুযোগ দিন। এতে ভেতরের বাতাসের বুদবুদ বেরিয়ে যাবে।

৪. পাইপ ও নোজল সাফ: একটি ছোট ব্রাশ বা সূঁচ দিয়ে পাইপের মুখগুলো পরিষ্কার করুন যাতে জল চলাচলে কোনো বাধা না থাকে।

৫. নিয়মিত জল বদলানো: সুস্থ থাকতে এবং কুলার ভালো রাখতে প্রতি ১৫-২০ দিন পরপর জল বদলে ফেলুন। এতে দুর্গন্ধ ও ময়লা—দুইই কমবে।

কখন মিস্ত্রি ডাকবেন?

যদি দেখেন উপরের সব পদ্ধতি অ্যাপ্লাই করার পরও শব্দ কমছে না, কিংবা পাম্প থেকে পোড়া গন্ধ আসছে বা জল একেবারেই উঠছে না—তবে বুঝবেন সমস্যাটি যান্ত্রিক। সেক্ষেত্রে দেরি না করে একজন অভিজ্ঞ মিস্ত্রির শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ।