নির্বাচনের আগে কালো টাকা সাদা করার ছক? দক্ষিণ কলকাতায় ৩৮ লক্ষ টাকা উদ্ধারে চাঞ্চল্য

বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই শহরজুড়ে পুলিশের কড়া নজরদারি। আর সেই নজরদারিতেই ধরা পড়ল বিপুল পরিমাণ বেআইনি নগদ। শনিবার গভীর রাতে দক্ষিণ কলকাতার নেতাজিনগর থানা এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি ব্যক্তিগত গাড়ি থেকে উদ্ধার হলো প্রায় ৩৮ লক্ষ টাকা। এই ঘটনায় আশুতোষ আগরওয়াল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গাড়ির সিটের নিচেই ছিল টাকার ব্যাগ: কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, গোপন সূত্রে তাঁদের কাছে আগে থেকেই খবর ছিল যে শহর দিয়ে বড় অঙ্কের টাকা পাচারের ছক কষা হয়েছে। সেই মতো শনিবার রাতে নেতাজিনগর এলাকায় ব্যারিকেড দিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ ও গোয়েন্দা বিভাগ। আলিপুরের দিক থেকে আসা একটি সন্দেহভাজন গাড়িকে থামিয়ে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে দুঁদে অফিসারদের। গাড়ির ভেতর থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা।
উৎস নিয়ে ধোঁয়াশা, তদন্তে আয়কর দপ্তর: আটক হওয়া ব্যক্তি আশুতোষ আগরওয়ালকে জেরা করা হলেও, এত বিপুল পরিমাণ টাকা তিনি কোথা থেকে পেলেন বা কোথায় নিয়ে যাচ্ছিলেন, তার কোনো সদুত্তর দিতে পারেননি। কোনো বৈধ নথি দেখাতে না পারায় পুলিশ প্রাথমিক নিশ্চিত যে, এই টাকা কোনো বেআইনি লেনদেন বা নির্বাচনী কাজে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম মেনে উদ্ধার হওয়া সমস্ত টাকা আয়কর দপ্তরের (Income Tax) আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
ভোটের মুখে বাড়ছে উদ্বেগ: ভোটের মুখে এই ভাবে লক্ষ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশনও। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই টাকার সঙ্গে কোনো রাজনৈতিক দলের যোগসূত্র আছে কি না। গাড়ির মালিক এবং আশুতোষের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। যদি আগামী কয়েকদিনের মধ্যে টাকার বৈধ উৎস প্রমাণ করতে না পারেন, তবে এই বিপুল অর্থ সরকারি কোষাগারে জমা পড়বে।