সুইমিং পুলে মা ও দুই মেয়ের নিথর দেহ! পুত্রসন্তানের লোভে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

তেলেঙ্গানার হানামকোন্ডা জেলায় এক মর্মান্তিক ও শিউরে ওঠা হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। একটি ব্যক্তিগত আবাসনের সুইমিং পুল থেকে ২৬ বছর বয়সি এক তরুণী এবং তাঁর দুই শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের পরিচয় মিলেছে— ফারহানা (২৬) এবং তাঁর দুই মেয়ে উমেরা (৯) ও আয়েশা (৫)। অভিযোগের তির ফারহানার স্বামী মহম্মদ আজহারউদ্দিনের দিকে। মৃতার পরিবারের দাবি, পুত্রসন্তানের লালসায় নিজের স্ত্রী ও সন্তানদের নৃশংসভাবে খুন করেছেন তিনি।
ঘটনার সূত্রপাত বুধবার রাতে। ফারহানার বাবা শেখ আলির অভিযোগ, আজহারউদ্দিন পরিকল্পনা করেই ফারহানা ও দুই শিশুকে গ্রামের উপকণ্ঠে তাঁর ব্যক্তিগত জমিতে নিয়ে যান। সেখানে এক মেয়ের জন্মদিন উদযাপন এবং একসঙ্গে রাতের খাবারও খান তাঁরা। কিন্তু অভিযোগ, গভীর রাতে আজহারউদ্দিন তাঁর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধ করে বা অন্য কোনও উপায়ে হত্যা করে সুইমিং পুলে ফেলে দেন। বৃহস্পতিবার সকালে বিষয়টিকে ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’ বা জলে ডুবে মৃত্যু বলে চালানোর চেষ্টা করেন অভিযুক্ত।
মৃতার বাবার দাবি, ফারহানা এর আগে দু’বার গর্ভপাত করতে বাধ্য হয়েছিলেন। আজহারউদ্দিনের বদ্ধমূল ধারণা হয়েছিল যে, এবারও ফারহানার কন্যাসন্তানই হবে। পুত্রসন্তান না হওয়ার আক্রোশ এবং ক্রমাগত মানসিক ও শারীরিক নির্যাতনের চরম পরিণতি এই ট্রিপল মার্ডার। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক। পার্বতগিরি থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।