২২৫ কোটিতে রণবীর ‘রাম’, ১৫০ কোটিতে যশ ‘রাবণ’! নীতেশ তিওয়ারির রামায়ণে তারকাদের পারিশ্রমিক শুনে চমকে যাবেন

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ এখন বিনোদন দুনিয়ার সবথেকে দামী চর্চায় পরিণত হয়েছে। ছবির বিশাল ক্যানভাস আর তারকাবহুল কাস্টিংয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অভিনেতা-অভিনেত্রীদের আকাশছোঁয়া পারিশ্রমিক। জানা গেছে, পর্দার ‘রাম’ হওয়ার জন্য রণবীর কাপুর তিন পর্ব মিলিয়ে নিচ্ছেন মোট ২২৫ কোটি টাকা। অর্থাৎ প্রতি পর্বে তাঁর আয় ৭৫ কোটি টাকা। এই চরিত্রের জন্য রণবীর তাঁর জীবনযাত্রায় কঠোর সংযম ও আমূল পরিবর্তন এনেছেন।

অন্যদিকে, লঙ্কেশ বা রাবণের চরিত্রে দেখা যাবে কন্নড় সুপারস্টার যশকে। ছবির অন্যতম প্রযোজক হওয়া সত্ত্বেও অভিনেতা হিসেবে তিনি নিচ্ছেন ১৫০ কোটি টাকা (প্রতি পর্বে ৫০ কোটি)। মা সীতার স্নিগ্ধ চরিত্রে অভিনয়ের জন্য দক্ষিণী তারকা সাই পল্লবী প্রতিটি পর্বে ৬ কোটি করে মোট ১৮-২০ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন। বজরংবলি বা হনুমান হিসেবে সানি দেওল দাবি করেছেন ৪৫ কোটি টাকা এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয়ের জন্য ছোট পর্দার জনপ্রিয় মুখ রবি দুবে পাচ্ছেন ১৫ কোটি টাকা। অস্কারজয়ী সংস্থা ‘ডিএনইজি’-র জাদুকরী ভিএফএক্স আর এই মেগা-স্টার কাস্টিং নিয়ে ২০২৬-এর দীপাবলিতে ইতিহাস গড়তে প্রস্তুত ‘রামায়ণ’।