“মরতে মরতে বেঁচে গেছি, তাই গুরুত্ব দেয়নি কেউ!” রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর আবহে বিস্ফোরক জীতু কামাল

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে যখন উত্তাল স্টুডিও পাড়া, ঠিক তখনই আগ্নেয়গিরির মতো ফেটে পড়লেন অভিনেতা জীতু কামাল। ওড়িশার তালসারিতে সিরিয়ালের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে রাহুলের মৃত্যু টলি-দুনিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এই আবহে জীতু কামালের সামাজিক মাধ্যমের একটি পোস্ট নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। জীতু দাবি করেছেন, তিনিও কর্মক্ষেত্রে চরম অপেশাদারিত্ব এবং অনিরাপদ পরিবেশের শিকার হয়েছিলেন, কিন্তু তিনি ‘বেঁচে গিয়েছেন’ বলেই হয়তো ফোরাম বা প্রশাসন তাঁর অভিযোগকে গুরুত্ব দেয়নি।

জীতু তাঁর পোস্টে চন্দননগরের গঙ্গার ধারের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। গত ১৫ই মার্চ প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে উত্তাল গঙ্গায় তাঁকে নৌকায় শুটিং করার জন্য চাপ দেয় একটি নামী প্রোডাকশন হাউস। জীতু রাজি না হওয়ায় পরের দিন তাঁর গায়ে হাত তোলার চেষ্টা এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। জীতুর দাবি, তিনি তখনই ইমেল মারফত আর্টিস্ট ফোরামকে সবটা জানিয়েছিলেন, কিন্তু তাঁর কাছে কোনো ফোন পর্যন্ত আসেনি।

আক্ষেপের সুরে অভিনেতা বলেন, “সেদিন যদি আমার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হতো, তবে হয়তো আজ রাহুলদাকে এভাবে হারাতে হতো না।” বিজয়গড়ের ‘বাবিন’ আজ নেই, কিন্তু জীতুর এই বিস্ফোরক বয়ান টলিউডের অন্দরের অন্ধকার দিকটিকে ফের প্রকাশ্যে এনে দিয়েছে।