“এটা যুদ্ধ, আমরা যুদ্ধেই আছি!” মার্কিন বিমান ধ্বংসের পর ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগে আমেরিকার দুটি শক্তিশালী যুদ্ধবিমানকে গুলি করে নামালো তেহরান। জানা গেছে, প্রথম বিমানটি ছিল মার্কিন বায়ুসেনার অত্যাধুনিক ‘F-15E স্ট্রাইক ঈগল’, যাতে একজন পাইলট এবং একজন ওয়েপন সিস্টেম অফিসার ছিলেন। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, স্পেশাল ফোর্সের অভিযানে একজন ক্রু মেম্বারকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন এখনও নিখোঁজ। তেহরান ও ওয়াশিংটন— দুই পক্ষই এখন নিখোঁজ ওই আধিকারিকের তল্লাশিতে মরিয়া।
দ্বিতীয় বিমানটি ছিল একটি ‘A-10 ওয়ারথগ’ ফাইটার এয়ারক্রাফট, যা কুয়েতের কাছাকাছি গুলি করে নামানো হয়। তবে এই বিমানের পাইলট সফলভাবে ‘ইজেক্ট’ করতে পেরেছেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখানেই শেষ নয়, নিখোঁজ পাইলটদের উদ্ধারকাজে যুক্ত দুটি মার্কিন ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টারকেও লক্ষ্য করে গুলি চালায় ইরান। তবে হেলিকপ্টার দুটি কোনোক্রমে ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনায় হোয়াইট হাউস বা পেন্টাগন এখনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি গোটা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল।
ট্রাম্পের সাফ কথা, “এটা যুদ্ধ। আমরা যুদ্ধেই আছি।” তবে এই বিমান ধ্বংসের ঘটনা ইরানের সাথে আলোচনার টেবিলে কোনো প্রভাব ফেলবে না বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।