“মমতা জিতলে মানুষ হারবে!” ভোটের ময়দান থেকে দূরে থেকেও বিস্ফোরক সিপিএমের গৌতম দেব

বাংলার রাজনীতিতে একসময় তাঁর গর্জন থমকে দিত প্রতিপক্ষকে। তাঁর একটা কথা মানেই ছিল সংবাদ শিরোনামে তোলপাড়। কিন্তু আজ সময় বদলেছে। সশরীরে ভোটের ময়দানে নেই সিপিএমের সেই একদা দাপুটে নেতা তথা প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেব। অসুস্থতা আর বয়সের ভারে আজ তিনি ঘরবন্দি, কিন্তু রাজনীতির নাড়ি নক্ষত্র এখনও তাঁর নখদর্পণে। ঘরের দেওয়াল জুড়ে থাকা পুরনো দিনের স্মারক আর ছবির ভিড়ে বসেই তিনি নজর রাখছেন আসন্ন ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রতিটি মুহূর্তের ওপর।
এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন গৌতম দেব। তাঁর মতে, আগে কখনও কমিশনকে নিয়ে এত চর্চা হয়নি, যা আজ রাজনীতির মূল ‘এজেন্ডা’ হয়ে দাঁড়িয়েছে। সিপিএমের বর্তমান রক্তক্ষরণ নিয়ে আত্মপর্যালোচনার সুরে তিনি বলেন, “পার্টি তৈরি হয়েছিল বিপ্লবের জন্য, শুধু ভোটের জন্য নয়। তবে হ্যাঁ, সিপিএম কমছে মানে বামফ্রন্টও কমছে, এটা নিয়ে গভীরে আলোচনা চলছে আমাদের মধ্যে।”
তৃণমূলের জয় নিয়ে প্রশ্ন করা হলে নিজের চেনা মেজাজেই তিনি ভবিষ্যৎবাণী করেন— “এবারেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন, তবে সেটা খবরের শিরোনাম হবে না; খবর হবে যে পশ্চিমবঙ্গের জনগণ হেরে গেছে।” পরাজয়ের গ্লানি আর শূন্যতার মাঝে দাঁড়িয়েও দলের নতুন দিনের স্বপ্ন দেখা ছাড়েন না এই বর্ষীয়ান বাম নেতা।