কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর! এপ্রিল মাসেই কি আসছে ২% ডিএ বৃদ্ধির ঘোষণা?

রাজ্যে বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে টানাপোড়েন চললেও, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুশির খবর এখন সময়ের অপেক্ষা। মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিতে কেন্দ্রীয় সরকার বছরে দু’বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে—একটি জানুয়ারিতে এবং অন্যটি জুলাই মাসে। সাধারণত হোলির সময় প্রথম দফার ঘোষণা হয়ে গেলেও, এবার কিছুটা দেরি হয়েছে। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এপ্রিল মাসেই ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হতে চলা সংশোধিত ডিএ-র আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (CPI-IW) অনুযায়ী, এবার মহার্ঘ ভাতা বর্তমানের ৫৮% থেকে আরও ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬০% হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে AICPI-IW সূচক ছিল ১৪৮.২ এবং ডিসেম্বরের তথ্য অনুযায়ী ডিএ সূচক দাঁড়িয়েছে ৫৯.৯৩ শতাংশে। যেহেতু ডিএ ভগ্নাংশে বৃদ্ধি করা হয় না, তাই পূর্ণ সংখ্যায় ২% বৃদ্ধির সম্ভাবনা সবথেকে বেশি। যদিও এটি বিগত কয়েক বছরের তুলনায় কিছুটা কম বৃদ্ধি, তবুও এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ১ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। এপ্রিল মাসে এই ঘোষণা হলে জানুয়ারি থেকে বকেয়া এরিয়ারও মিলবে কর্মীদের অ্যাকাউন্টে।