মাছের কালিয়াকেও হার মানাবে এই দই পটল, মাত্র ১৫ মিনিটে বাড়িতেই বানান রেস্তোরাঁর স্বাদে! আঙুল চাটবে সবাই!

গরমকাল পড়া মানেই বাজারের থলি থেকে উঁকি মারবে পটল। তবে অধিকাংশ বাড়িতেই এই সবজিটি বেশ অবহেলিত। পটল-আলুর ঝোল বা একঘেয়ে ভাজা খেতে খেতে জিভের স্বাদ চলে যাওয়াই স্বাভাবিক। বিশেষ করে খুদে সদস্যদের পটল খাওয়াতে রীতিমতো যুদ্ধ করতে হয় বড়দের। কিন্তু আপনি কি জানেন, সাধারণ এই পটল দিয়েই তৈরি করা সম্ভব রাজকীয় স্বাদের এক নিরামিষ পদ? আজ আপনাদের জন্য রইল ‘দই পটল’-এর এমন এক রেসিপি, যা স্বাদ ও গন্ধে হার মানাবে যেকোনো আমিষ পদকেও।

উপকরণ:
পরিমাণমতো টাটকা পটল, টক দই, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, আদা বাটা, কাঁচালঙ্কা চেরা, গোটা জিরে, তেজপাতা, হলুদ গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ঘি এবং রান্নার তেল।

প্রস্তুত প্রণালী:
প্রথমে পটলগুলোর খোসা হালকা ছাড়িয়ে দু’প্রান্ত সামান্য চিরে নিন। নুন ও হলুদ মাখিয়ে গরম তেলে পটলগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। ওই তেলের মধ্যেই তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিন। এরপর এতে আদা বাটা ও গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষান। মশলা থেকে তেল ছাড়লে ফেটানো টক দই, কাজু ও পোস্ত বাটা মিশিয়ে দিন। আঁচ কমিয়ে কষাতে থাকুন যতক্ষণ না সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এবার ভেজে রাখা পটলগুলো মশলায় দিয়ে দিন। স্বাদমতো নুন, চিনি ও সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। সবশেষে ওপর থেকে এক চামচ ঘি এবং গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। ব্যাস, গরম ভাতের সাথে পরিবেশন করুন জিভে জল আনা দই পটল।