ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়ার হাত ধরছে ভারত? ইরান সংঘাতের মাঝেই তেল ও গ্যাসের জোগান বাড়ানোর আশ্বাস

ইরান ও ইজরায়েলের মধ্যবর্তী ক্রমবর্ধমান সংঘাতের জেরে যখন গোটা বিশ্বে জ্বালানি তেলের হাহাকার শুরু হয়েছে, ঠিক তখনই ভারতের জন্য আশার আলো দেখাল ‘পরম বন্ধু’ রাশিয়া। শুক্রবার মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) সরবরাহ আরও বাড়াতে প্রস্তুত তারা। রাশিয়ার ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান ডেনিস ম্যান্টুরভ ভারত সফরে এসে স্পষ্ট করেছেন যে, রুশ কোম্পানিগুলোর কাছে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং তাঁরা ভারতকে অগ্রাধিকার দিতে চান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি রয়েছে। এমনকি ভারত রাশিয়া থেকে তেল আমদানি করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্কও চাপিয়েছিলেন। তবে বর্তমানে ইরান সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের সংকট তীব্র হওয়ায় আমেরিকা রাশিয়ার তেল আমদানিতে ভারতকে কিছুটা ছাড় দিতে বাধ্য হয়েছে। জ্বালানি ছাড়াও কৃষি ক্ষেত্রে বড় ঘোষণা করেছে মস্কো; ২০২৫-এর শেষভাগ নাগাদ ভারতে খনিজ সারের সরবরাহ ৪০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ইউরিয়া উৎপাদন প্রকল্পেও দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেছে।