নন্দীগ্রামে মধ্যযুগীয় বর্বরতা! প্রবীণকে নির্মম মারধর বিজেপি নেতার, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

বিধানসভা নির্বাচনের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। এবার এক প্রবীণ ব্যক্তিকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠল গোকুলনগরের দাপুটে বিজেপি নেতা অশোক করণের বিরুদ্ধে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে (যার সত্যতা যাচাই করেনি ডেইলিহান্ট), যেখানে দেখা যাচ্ছে বিজেপি নেতা অশোক করণ এক বৃদ্ধকে চড়-থাপ্পড় মারছেন এবং তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীও ওই ব্যক্তির ওপর চড়াও হচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে গোকুলনগর এলাকায় তীব্র উত্তেজনা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনাকে ‘মধ্যযুগীয় বর্বরতা’ বলে আখ্যা দেওয়া হয়েছে। তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন, “বিজেপি এখনো ক্ষমতায় আসেনি, তাতেই এই ঔদ্ধত্য! সাধারণ মানুষকে এভাবে মারধর করা হচ্ছে। নন্দীগ্রামের মানুষ আজ আতঙ্কে দিন কাটাচ্ছে।” আক্রান্ত বৃদ্ধের দাবি, তিনি নিজের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করাচ্ছিলেন। বিজেপি নেতার অভিযোগ, কোনো ‘অনুমতি’ ছাড়াই কেন এই কাজ হচ্ছে? এই ঠুনকো অজুহাতে তাঁকে এবং রাজমিস্ত্রিদের হেনস্থা করা হয় বলে অভিযোগ।

পাল্টা সাফাই দিয়েছেন অভিযুক্ত বিজেপি নেতা অশোক করণ। তাঁর দাবি, সেখানে কোনো গণ্ডগোল হচ্ছিল এবং তিনি তা থামাতে গিয়েছিলেন। তাঁর আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেস ‘এআই’ (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি করে ভুয়ো ভিডিও বানিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে ভিডিওটি ঘিরে রাজনৈতিক মহলে চাপানউতোর তুঙ্গে। নির্বাচনের আগে এই ঘটনা ভোটারদের মনে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।