ব্রিগেডে ভয়াবহ কাণ্ড! গাড়ি চালানো শিখতে গিয়ে সোজা নিকাশি নালায় ক্যাব, অল্পের জন্য রক্ষা!

তিলোত্তমায় ফের বেপরোয়া গতির জেরে বড়সড় দুর্ঘটনা। তবে এবার কোনো রেষারেষি নয়, বরং গাড়ি চালানো শিখতে গিয়েই ঘটল চরম বিপত্তি। শুক্রবার ভরদুপুরে কলকাতার ব্রিগেড ময়দান চত্বরে একটি কমার্শিয়াল ক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি আছড়ে পড়ল ময়দানের গভীর নিকাশি নালায়। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন প্রশিক্ষণরত চালক এবং তাঁর সহকারী।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ময়দান থানা এলাকায় একটি হলুদ ট্যাক্সি বা ক্যাব নিয়ে গাড়ি চালানো শিখছিলেন এক ব্যক্তি। সেই সময় চালকের আসনে থাকা শিক্ষানবিশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ব্রেক কষার বদলে এক্সিলারেটরে চাপ পড়ায় গাড়িটি সোজা গিয়ে পড়ে নিকাশি নালায়। গাড়ির সামনের অংশটি সম্পূর্ণভাবে নালার ভেতরে ঢুকে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়দান থানার পুলিশ। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে শেষ পর্যন্ত আর্থ মুভার বা ক্রেন আনিয়ে নালার গভীর থেকে গাড়িটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, যেভাবে গাড়িটি মুখ থুবড়ে পড়েছিল, তাতে বড়সড় প্রাণহানির আশঙ্কা ছিল। তবে সৌভাগ্যবশত চালক ও সহকারীর শরীরে তেমন গুরুতর চোট লাগেনি। জনবহুল ময়দান চত্বরে এই ধরণের প্রশিক্ষণ কতটা নিরাপদ, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।