ফালকে থেকে রণবীর কাপুর: একশো বছরের রুপোলি পর্দায় রামায়ণের মহাকাব্যিক সফর!

ভারতীয় সিনেমার ইতিহাসে ‘রামায়ণ’ কেবল একটি মহাকাব্য নয়, বরং এক চিরন্তন আবেগের নাম। বর্তমানে রণবীর কাপুর অভিনীত নীতীশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। ২০২৬ ও ২০২৭ সালের দীপাবলিতে এই ছবির দুটি পর্ব মুক্তি পাওয়ার কথা। কিন্তু রণবীরের আগে গত এক শতাব্দী ধরে ভারতীয় পরিচালকরা কীভাবে পর্দায় এই মহাকাব্যকে ফুটিয়ে তুলেছেন, তা এক রোমাঞ্চকর ইতিহাস।
পর্দায় রামায়ণের যাত্রা শুরু হয়েছিল ১৯১৭ সালে। ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকে নির্মাণ করেন নির্বাক ছবি ‘লঙ্কা দহন’। যেখানে হনুমানের লঙ্কা অভিযানের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। এরপর ১৯৩১ সালে ভি শান্তারাম নিয়ে আসেন ‘চন্দ্রসেনা’, যা মহাকাব্যের স্বল্প পরিচিত কাহিনিগুলিকে জনসমক্ষে আনে। ১৯৪০ ও ৫০-এর দশকে পৌরাণিক ছবির জোয়ার আসে। বিজয় ভাট পরিচালিত ‘রাম রাজ্য’ এতটাই জনপ্রিয় হয়েছিল যে স্বয়ং মহাত্মা গান্ধী এই ছবিটি দেখেছিলেন। আবার দক্ষিণ ভারতীয় সিনেমায় ‘ভূকৈলাস’-এর মাধ্যমে রাবণের চরিত্রটিকে কেন্দ্রবিন্দুতে রেখে গল্প বলার এক নতুন ঘরানা তৈরি হয়।
পরবর্তীকালে নব্বইয়ের দশকে ভারত-জাপান যৌথ উদ্যোগে তৈরি অ্যানিমেশন ছবি ‘রামায়ণ: দ্য লেজেন্ড অফ প্রিন্স রামা’ আন্তর্জাতিক স্তরে প্রশংসা কুড়োয়। আধুনিক যুগে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ বিশাল বাজেটে তৈরি হলেও এর ভিএফএক্স (VFX) ও সংলাপ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার রণবীর কাপুরের হাত ধরে রামায়ণের সেই ধ্রুপদী মহিমা বড় পর্দায় কতটা জীবন্ত হয়ে ওঠে, এখন সেটাই দেখার।