ব্যাঙ্কে গিয়েই উধাও টলিপাড়ার পরিচিত মুখ! পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের নিখোঁজ সংবাদে চাঞ্চল্য!

অভিনেতা রাহুলের রহস্যমৃত্যুর রেশ কাটতে না কাটতেই টলিপাড়ায় ফের বড়সড় বিপত্তির ছায়া। এবার রহস্যজনকভাবে নিখোঁজ হলেন বিশিষ্ট চিত্রনাট্যকার ও পরিচালক উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে ব্যাঙ্কের কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি, কিন্তু ১২ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও তাঁর কোনো হদিশ মেলেনি। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিমতার একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গিয়েছিলেন উৎসব। অদ্ভুত বিষয় হলো, নিজের ফোনের বদলে তিনি সাথে নিয়েছিলেন প্রয়াত বাবার মোবাইল ফোনটি। মৌপিয়া জানান, দুপুর ২টো ২২ মিনিটে শেষবার উৎসবের সঙ্গে তাঁর ফোনে কথা হয়। তখন তিনি ব্যাঙ্কের ভেতরেই ছিলেন। কিন্তু এর কিছুক্ষণ পর থেকেই ফোনটি সুইচড অফ হয়ে যায়। তারপর থেকে বারবার চেষ্টা করেও তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

এই ঘটনায় শোকস্তব্ধ শিল্পীমহল। অভিনেতা জীতু কমল সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, “উৎসব আমার খুব কাছের মানুষ। অনিক দত্ত দত্তর ‘অপরাজিত’ ছবির পরিচালনা দলের সদস্য ছিলেন তিনি।” উৎসব মুখোপাধ্যায় ইন্ডাস্ট্রিতে স্বল্পভাষী ও অত্যন্ত সৃজনশীল মানুষ হিসেবে পরিচিত। ‘বরুণবাবুর বন্ধু’ বা ‘ভবিষ্যতের ভূত’-এর মতো চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন তিনি। ব্যাঙ্কের ভেতরে থাকাকালীন হঠাৎ এমন কী ঘটল যে তিনি বেপাত্তা হয়ে গেলেন, তা নিয়ে দানা বাঁধছে রহস্য। পুলিশ ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।