ভোটের মুখে ফের ইডির জালে দেবাশিস কুমার! জমি দুর্নীতি মামলায় সিজিও-তে ম্যারাথন জেরা বিধায়ক-প্রার্থীকে!

২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার মাঝেই বড়সড় অস্বস্তিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। জমি দুর্নীতি মামলায় নাম জড়ানোয় মাত্র চারদিনের ব্যবধানে দ্বিতীয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)-এর তলব পেলেন রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা বর্তমান প্রার্থী দেবাশিস কুমার। শুক্রবার দুপুরেই তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। গত সোমবারও তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
ইডি সূত্রে খবর, বেশ কিছু ব্যবসায়ী সংস্থার আর্থিক লেনদেন এবং বেআইনি জমি সংক্রান্ত অনিয়মের তদন্তে দেবাশিস কুমারের নাম উঠে এসেছে। অভিযোগ উঠেছে, জনৈক এক ব্যবসায়ীকে বেআইনি জমির মালিকানা পাইয়ে দিতে এবং আইনি জট কাটাতে বিধায়ক প্রভাবশালী হিসেবে সাহায্য করেছিলেন। গত শনিবার শহরের একাধিক ব্যবসায়ীর ঠিকানায় তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেই নথির ভিত্তিতেই এদিন দেবাশিসবাবুকে পুনরায় তলব করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে মূলত জমি লেনদেনের উৎস, সংশ্লিষ্ট ব্যবসায়িক সংস্থাগুলির সঙ্গে বিধায়কের ব্যক্তিগত বা আর্থিক সম্পর্ক এবং কোনো বেআইনি আর্থিক সুবিধা নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। সিজিও-তে প্রবেশের সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও জমি দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। তবে এই ঘটনায় আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম জড়িয়ে থাকার সম্ভাবনা প্রবল বলে ইঙ্গিত দিয়েছে ইডি। নির্বাচনের প্রাক্কালে হেভিওয়েট প্রার্থীর ইডি হাজিরা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপি যেখানে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে, সেখানে তৃণমূলের দাবি—রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে।