মাঝ আকাশে আগুনের গোল্লা! আমেরিকার আরও এক শক্তিশালী F-35 যুদ্ধবিমান ওড়ানোর দাবি ইরানের!

মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে ফের যুদ্ধের দামামা। ১৯ মার্চের পর এবার আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমানকে গুলি করে নামানোর দাবি করল ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)। শুক্রবার ইরানের সরকারি সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ জানিয়েছে, মধ্য ইরানের আকাশে একটি অত্যাধুনিক এয়ার-ডিফেন্স সিস্টেমের সাহায্যে আমেরিকার এই পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেটে নিখুঁত নিশানায় আঘাত হানা হয়েছে।

খাতাম আল-আনবিয়া হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়েছে, বিমানটি আঘাতপ্রাপ্ত হওয়ার পর মাটিতে আছড়ে পড়ে এবং প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে পাইলটের পক্ষে বিমান থেকে ‘ইজেক্ট’ করার বা প্রাণ বাঁচানোর কোনো সুযোগ ছিল না বলেই মনে করছে তেহরান। উল্লেখ্য, এই ‘লেকেনহিথ’ স্কোয়াড্রনের বিমানটি ধ্বংস করতে IRGC তাদের একদম নতুন প্রজন্মের প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করেছে বলে জানিয়েছে তারা।

তবে ইরান যখন সাফল্যের দাবি করছে, তখন পাল্টা সাফাই দিচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের উদ্ধৃতি দিয়ে কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে যে, ইরানের সারফেস-টু-এয়ার মিসাইল (SAM) হামলার পর একটি F-35 বিমান ক্ষতিগ্রস্ত হলেও সেটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়েছে এবং পাইলট সুরক্ষিত রয়েছেন। যদিও ইরান এই দাবি মানতে নারাজ। তাদের দাবি, এর আগে ১২৫টিরও বেশি মার্কিন ও ইজরায়েলি ড্রোন ভূপাতিত করে তারা প্রমাণ করেছে যে ইরানের আকাশসীমা এখন দুর্ভেদ্য। বিশ্বের অন্যতম দামী এবং অত্যাধুনিক এই যুদ্ধবিমান ধ্বংস হওয়ার খবর যদি সত্য হয়, তবে তা বিশ্ব রাজনীতিতে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের ওপর বড়সড় ধাক্কা হতে চলেছে।