ভোট মিটলেই সন্ত্রাস? হিংসা রুখতে বাংলায় ‘অনির্দিষ্টকালের’ জন্য থেকে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে এক ফোঁটা রক্তও যাতে না ঝরে, তা নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। এবার আর শুধু ভোটের দিন নয়, ফলপ্রকাশের পরেও অনির্দিষ্টকালের জন্য রাজ্যে মোতায়েন থাকবে বিশাল কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার কমিশনের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রায় ৫০০ কোম্পানি বা ৫০ হাজার কেন্দ্রীয় জওয়ানকে বাংলায় রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ভোট পরবর্তী হিংসার আশঙ্কা থেকেই এই কঠোর পদক্ষেপ।

কমিশন সূত্রে খবর, নির্বাচনের কাজ মিটে যাওয়ার পর ইভিএম এবং স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকবে ২০০ কোম্পানি বাহিনী। বাকি ৩০০ কোম্পানি জওয়ান রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার কাজ করবেন। সাধারণত ভোটের ফল ঘোষণার কয়েকদিন পরেই বাহিনী তুলে নেওয়া হয়, কিন্তু বাংলার গত কয়েক বছরের অভিজ্ঞতার নিরিখে এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হাঁটছে কমিশন।

এই কড়া সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে মালদহের কালিয়াচকের সাম্প্রতিক উত্তেজনা। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে গত বুধবার রাতে কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার ঘটনায় তোলপাড় শুরু হয়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে কমিশনকে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। রাজ্যের ডিজিপি এবং মুখ্যসচিবকে শোকজ করার পাশাপাশি এনআইএ (NIA) তদন্তও শুরু হয়েছে। ইতিমদ্যেই সিআইডি এক মিম (MIM) নেতাকে গ্রেপ্তার করেছে।

কালিয়াচকের ঘটনার পর কমিশন আর কোনো ঝুঁকি নিতে চাইছে না। বিরোধীদের পক্ষ থেকে বারবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ তোলা হয়, যা এবার রুখতে মরিয়া দিল্লি। শুক্রবারের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ৫০ হাজার জওয়ান বাংলার বুকেই থাকবেন।