কফির কাপে নতুন তুফান! ফিরছে ‘কফি উইথ করণ’-এর নবম সিজন?

বলিউডের অন্দরমহলের গসিপ আর তারকাদের হাঁড়ির খবর মানেই করণ জোহরের আইকনিক চ্যাট শো ‘কফি উইথ করণ’। দীর্ঘ আটটি সফল সিজন পার করার পর এবার নবম সিজন নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। শোনা যাচ্ছে, ২০২৬-এর শেষভাগেই ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে (Jio Hotstar) ফিরতে পারে এই শো। তবে এবার চেনা ছক ভেঙে একেবারে নতুন মোড়কে দর্শকদের সামনে হাজির হবেন করণ।
সূত্রের খবর, সিজন ৯-এর জন্য প্রাথমিক আলোচনা ইতিমধেই শুরু হয়েছে। দর্শকদের রুচি বদলের কথা মাথায় রেখে শো-এর ফরম্যাটে আমূল পরিবর্তনের পরিকল্পনা করছেন নির্মাতারা। এবার কেবল বলিউড নয়, কফির আড্ডায় দেখা যেতে পারে দক্ষিণী সুপারস্টার, ওটিটি সেনসেশন এবং জনপ্রিয় ডিজিটাল ক্রিয়েটরদেরও। সেগমেন্টগুলো আরও ছোট, ঝরঝরে এবং সমসাময়িক করার চিন্তাভাবনা চলছে, যাতে তরুণ প্রজন্মের দর্শকদের আরও বেশি আকর্ষণ করা যায়।
করণ জোহর নিজেই একবার মজা করে বলেছিলেন যে এই শো তাঁকে ভারতের “সবচেয়ে পছন্দের ঘৃণিত ব্যক্তি” (most likable hated person) বানিয়ে ছেড়েছে। ২০০৪ সালে শুরু হওয়া এই শো ১৫০টিরও বেশি এপিসোড পার করে ভারতের অন্যতম বিতর্কিত ও চর্চিত রিয়ালিটি শো-তে পরিণত হয়েছে। নবম সিজন নিয়ে করণের টিমের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, বলিউডের অন্দরে কানাঘুষো—খুব শীঘ্রই নতুন সিজনের শ্যুটিং শুরু হতে পারে। আরও বেশি ড্রামা আর অজানাকে জানার অপেক্ষায় প্রহর গুনছেন করণের ভক্তরা।