‘হায়দরাবাদ থেকে বিজেপির কোকিল এসেছে’, মালদহ-কাণ্ডে বিস্ফোরক মমতা!

নির্বাচনী প্রচারের পারদ চড়িয়ে শুক্রবার মালদহের জনসভা থেকে বিজেপি এবং আসাউদ্দিন ওয়েইসির দলের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহে বিচারকদের আটকে রাখা ও বিক্ষোভের সাম্প্রতিক ঘটনাকে ‘বহিরাগত ষড়যন্ত্র’ বলে তকমা দিয়েছেন তিনি। মমতার সাফ দাবি, “মালদহের সাধারণ মানুষ এই ঘটনার জন্য দায়ী নন। হায়দরাবাদ থেকে বিজেপির পাঠানো ‘কোকিল’ আর কিছু সাম্প্রদায়িক লোকজন মিলে বাংলার সম্মান নষ্ট করার চেষ্টা করছে।”

তৃণমূলনেত্রী এদিন জনসভা থেকে জানান, মালদহ-কাণ্ডের মূল অভিযুক্তকে ইতিমধ্যেই বাগডোগরা বিমানবন্দর থেকে সিআইডি হাতেনাতে গ্রেফতার করেছে। নাম না করে অমিত শাহকে আক্রমণ করে তিনি বলেন, “আগে মণিপুর সামলান মোটাভাই। এজেন্সি আছে বলে খুব মজে আছেন? ফোন করে ভয় দেখাচ্ছেন? আমাকেও এক দিন করেছিলেন, যোগ্য জবাব দিয়েছি। লড়াই করলে সামনে এসে লড়ুন, মুখোশ খুলে দেব।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর টেলিপ্রম্পটার দেখে ভাষণ দেওয়া নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

অনুপ্রবেশ ইস্যুতে বিজেপি ও কংগ্রেসকে একযোগে বিঁধে মমতা প্রশ্ন তোলেন, “যদি ২০২৪-এর ভোটার তালিকায় অনুপ্রবেশকারী থেকে থাকে, তবে সেই ভোটেই তো বিজেপি ও কংগ্রেস জিতেছে। তবে কি আপনারা অবৈধ ভোটে জিতেছেন? আগে পদত্যাগ করুন।” নিজেকে ‘মাটির কর্মী’ হিসেবে দাবি করে তিনি কর্মীদের বার্তা দেন, অহংকার যেন কাউকে গ্রাস না করে। মুখ্যমন্ত্রী হিসেবে এক পয়সা বেতন না নেওয়ার কথা মনে করিয়ে দিয়ে তিনি দলীয় কর্মীদের লড়াইয়ের ময়দানে অবিচল থাকার আহ্বান জানান।