ব্যাংকের কাজে বেরিয়ে রহস্যময় নিখোঁজ পরিচালক উৎসব! অপহরণ না কি স্বেচ্ছায় অন্তরাল?

কলকাতার বিনোদন জগতে তীব্র চাঞ্চল্য। গত বৃহস্পতিবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক উৎসব মুখোপাধ্যায়। নিমতায় ব্যাংকের কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি তিনি। আনন্দপুর থানায় মিসিং ডায়েরি করেছেন তাঁর স্ত্রী তথা সাংবাদিক মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। পুলিশ তদন্তে নামলেও এখনও পর্যন্ত পরিচালকের কোনও হদিস মেলেনি।
মৌপিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে উৎসবের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল। তখন উৎসব নিমতার পঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ছিলেন। প্রয়াত বাবা-মায়ের অ্যাকাউন্টের কাজ এবং লকার সংক্রান্ত বিষয়ে সেখানে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল তাঁর বাবার ফোনটি। এরপর থেকেই তাঁর ফোন সুইচড অফ। আরও রহস্যজনক বিষয় হলো, উৎসবের ব্যক্তিগত ফোনটি বাড়িতে থাকলেও তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা তোলার মেসেজ এসেছে। এমনকি ঘর থেকে তাঁর ল্যাপটপটিও গায়েব। ব্যাংকের কাজে ল্যাপটপ নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে।
স্ত্রীর দাবি, গত ২১ ফেব্রুয়ারি তাঁদের সামাজিক বিয়ে হয়েছে। দাম্পত্যে কোনও কলহ ছিল না। তবে উৎসব ইদানীং সাইবার অ্যাটাক এবং বাবা-মায়ের মৃত্যুজনিত কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। মৌপিয়া বলেন, “নিজেকে সরিয়ে রাখার একটা প্রবণতা ওর মধ্যে কাজ করছিল কি না জানি না, সেই সন্দেহ উড়িয়ে দিতে পারছি না।” শুক্রবার গুড ফ্রাইডের ছুটি থাকায় ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখা সম্ভব হয়নি। ‘বরুণবাবুর বন্ধু’ বা ‘ভবিষ্যতের ভূত’-এর মতো মননশীল ছবির এই স্রষ্টা কি কোনও বিপদে পড়েছেন, নাকি মানসিক চাপে স্বেচ্ছায় অন্তরালে গেলেন—সেই উত্তর খুঁজছে পুলিশ।