“ও মোটা ভাই, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে”! অমিত শাহকে নজিরবিহীন আক্রমণ মমতার

নির্বাচনের লড়াই যত এগোচ্ছে, বাগ্যুদ্ধ ততটাই তীব্র হচ্ছে। শুক্রবার হরিরামপুরের নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নাম না করে ‘মোটা ভাই’ সম্বোধন করে শাহের চক্রান্ত রুখে দেওয়ার হুঙ্কার দিলেন তিনি। মমতার স্পষ্ট বার্তা, “চক্রান্তের খেলা বুঝে নেব। খেলা হবে। দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা।”

এদিন সভা থেকে বিজেপি নেতৃত্বকে কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “বিজেপিকে শূন্য করে দিন। বাংলাকে পুণ্য করে দিন। বাংলাকে টার্গেট করলে আমরা আগামী দিনে দিল্লিকে টার্গেট করব।” অমিত শাহকে নিশানা করে তিনি আরও যোগ করেন, “ও মোটা ভাই, যতই চক্রান্ত করো ভাই, জেনে রেখো, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে।” রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বারবার বাংলা সফর এবং চাণক্য নীতির পালটা দিতেই এই আক্রমণাত্মক কৌশল নিয়েছেন তৃণমূল নেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাফ জানিয়ে দেন, বাংলার মানুষের রায়ই হবে বিজেপির অহঙ্কারের যোগ্য জবাব। ষড়যন্ত্র করে ক্ষমতা দখলের চেষ্টা করলে বাংলার মানুষ তা মেনে নেবে না। হরিরামপুরের এই সভা থেকে মমতা যেভাবে সরাসরি শাহকে বিঁধলেন, তাতে পরিষ্কার যে আসন্ন দফার ভোটগুলোতে লড়াই আরও ব্যক্তিগত এবং আক্রমণাত্মক হতে চলেছে। বাংলার মাটি থেকে এবার দিল্লির মসনদকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ঘাসফুল শিবিরের প্রধান।