সিজিও কমপ্লেক্সে ফের দেবাশিস কুমার! জমি দুর্নীতির জালে রাসবিহারীর তৃণমূল প্রার্থী? তোলপাড় রাজ্য

নির্বাচনের মুখে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির (ED) মুখোমুখি রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। জমি দুর্নীতি মামলায় শুক্রবার দ্বিতীয় দফায় তাঁকে তলব করা হয়েছিল। নির্ধারিত সময় মেনে এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। সূত্রের খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সাথে নিয়েই তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন এই হেভিওয়েট নেতা।
তদন্তকারীদের দাবি, জাল নথির মাধ্যমে সরকারি ও বেসরকারি জমি বেআইনিভাবে দখল এবং সেই জমিতে অবৈধ নির্মাণের সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে দেবাশিসের বিরুদ্ধে। এর আগে গত ৩০ মার্চ প্রথমবার ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। সেই দিনই তাঁকে বেশ কিছু অতিরিক্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সূত্রেই এদিন দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।
পুরো ঘটনার মূলে রয়েছে ‘বেঙ্গল এনার্জি’ নামক একটি বেসরকারি সংস্থা। গত শনিবার ওই সংস্থার দুই শীর্ষ কর্তার বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। আর্থিক অনিয়মের তদন্তে নেমে ওই দুই ব্যবসায়ীর বাড়ি থেকে বেশ কিছু চাঞ্চল্যকর নথি উদ্ধার হয়, যেখানে দেবাশিস কুমারের নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। অভিযোগ, ওই সংস্থার সাথে আর্থিক লেনদেন এবং জমি সংক্রান্ত বিষয়ে তৃণমূল প্রার্থীর যোগাযোগ রয়েছে।
রাজনৈতিক মহলের মতে, ভোটের দোরগোড়ায় যখন প্রচার তুঙ্গে, তখন বারবার ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের জন্য বড়সড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যদিও শাসক দলের পক্ষ থেকে একে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করা হচ্ছে। বর্তমানে তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ওই জাল নথির কারসাজিতে দেবাশিসের ভূমিকা ঠিক কতটা এবং এই দুর্নীতির জাল আর কতদূর বিস্তৃত।