হাইকোর্টের জনপ্রিয় আইনজীবী না কি কালিয়াচক কাণ্ডের মূল পান্ডা? কে এই মোফাক্কেরুল ইসলাম?

কালিয়াচকে বিচারকদের গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। আর এই ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা এআইএমআইএম (AIMIM) নেতা তথা আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীদের দাবি, তিনি বিমানে করে বেঙ্গালুরু পালানোর ছক কষছিলেন। বুধবারের সেই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, গাড়ির ওপর দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন মোফাক্কেরুল, আর উত্তেজিত জনতা তাঁকে ঘিরে উল্লাস করছে। সেই ঘটনার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন।
কে এই মোফাক্কেরুল? আদতে উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা এই ব্যক্তি পেশায় একজন দুঁদে আইনজীবী। একসময় জেলা আদালতে প্র্যাকটিস করলেও বর্তমানে কলকাতা হাইকোর্টে তাঁর যথেষ্ট নামডাক রয়েছে। হাইকোর্ট চত্বরে তিনি ঢুকলেই নাকি মক্কেল ও অনুগামীদের ভিড় জমে যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। ২০২১ সালে মিম-এর টিকিটে বিধানসভা নির্বাচনে লড়লেও এবার তিনি প্রার্থী নন, তবে মালদহ জুড়ে দলের সংগঠনের কাজ দেখভাল করছিলেন তিনি। আসাদউদ্দিন ওয়েইসির ঘনিষ্ঠ এই নেতাকে নিয়েই এখন তপ্ত মালদহ।
গ্রেফতার হওয়ার আগে পুলিশকে বিভ্রান্ত করতে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘মাইন্ড গেম’ খেলেছেন মোফাক্কেরুল। গত কয়েকদিন ধরে তিনি কখনও তেলঙ্গানা, কখনও তামিলনাড়ু বা পাঞ্জাবের আদালতের ছবি পোস্ট করে বুঝিয়েছিলেন যে তিনি ভিনরাজ্যে রয়েছেন। এমনকি ভিডিও বার্তায় দাবি করেছিলেন তিনি কেরল যাচ্ছেন। কিন্তু শেষরক্ষা হলো না। শুক্রবার সকালে গ্রেফতার হওয়ার ঠিক আগে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেন যে পুলিশ তাঁকে ধরে ফেলেছে। পুলিশ খতিয়ে দেখছে, ইটাহারের বাসিন্দা হয়েও কেন তিনি মালদহে গিয়ে উত্তেজনা ছড়ালেন।