বিয়ের মাত্র দেড় মাসেই শেষ তরুণী ইঞ্জিনিয়ার! সাইবারাবাদে রহস্যমৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য!

হায়দরাবাদের সাইবারাবাদ এলাকার মিয়াপুরে এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম ইশিতা যাদব (২৬)। গত বুধবার সন্ধ্যায় নিজের ফ্ল্যাটের হলঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। স্বামী নীরজ বনশলই প্রথম বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তবে এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে নারাজ মৃতার পরিবার।
প্রেমের পরিণয় থেকে পরিণতির ট্র্যাজেডি পুলিশ সূত্রে খবর, ২০২০ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিহারের বাসিন্দা ইশিতার সঙ্গে মধ্যপ্রদেশের নীরজের পরিচয় হয়। দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পাটনায় ধুমধাম করে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর পেশার তাগিদে দু’জনেই হায়দরাবাদে এসে সংসার শুরু করেন এবং আইটি ক্ষেত্রে কাজ করতে থাকেন।
পণের দাবি ও স্টার্টআপে বিনিয়োগের চাপ বিয়ের মাত্র ৫০ দিনের মাথায় কেন এই চরম পথ বেছে নিলেন ইশিতা? মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের জন্য ইশিতার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেছিলেন নীরজ। সম্প্রতি নীরজ একটি স্টার্টআপ শুরু করেন এবং সেখানে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার জন্য শ্বশুরবাড়ির ওপর ক্রমাগত চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ।
পুলিশি পদক্ষেপ ও তদন্ত ইশিতার বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে মিয়াপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধেই অভিযুক্ত স্বামী নীরজ বনশলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় গান্ধী হাসপাতালে পাঠানো হয়েছে। এটি নিছকই আত্মহত্যা নাকি এর পেছনে কোনো বড় প্ররোচনা রয়েছে, তা খতিয়ে দেখছে সাইবারাবাদ পুলিশ।