মালদহকাণ্ডে এবার সিবিআই! আদালতের নির্দেশে শুরু তদন্ত, কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মমতার

মালদহে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও হামলার ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার এই ঘটনার তদন্তভার নিল সিবিআই। শুক্রবার থেকেই কেন্দ্রীয় গোয়েন্দারা এই মামলার তদন্ত শুরু করবেন। তবে এই ঘটনার জন্য সরাসরি নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার এক নির্বাচনী জনসভা থেকে মমতা অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিজেপির ইশারায় চলছে এবং রাজ্যের উন্নয়নমূলক কাজ স্তব্ধ করে দিয়েছে। তিনি বলেন, “নির্বাচন কমিশন মুখ্যসচিব থেকে ডিজিপি—সবাইকে বদলে দিয়েছে। কিন্তু আমাকে বদলানোর ক্ষমতা তাদের নেই।” মালদহের ঘটনার নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানান, কোনও রাজনৈতিক দলের পক্ষ হয়ে বিচারকদের ওপর আক্রমণ বরদাস্ত করা হবে না। একই সঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। মোদী-শাহকে নিশানা করে মমতা প্রতিজ্ঞা করেন, “আগে বাংলা, তারপর দিল্লি থেকে বিজেপিকে তাড়াব।”