সন্দেশখালি থেকে হিঙ্গলগঞ্জ! এবার ‘ডবল ইঞ্জিন’ সরকারের ডাক দিয়ে প্রচারে ঝড় তুললেন রেখা পাত্র

২০২৬-এর বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে এখন প্রচারের কেন্দ্রবিন্দুতে বিজেপি প্রার্থী রেখা পাত্র। বৃহস্পতিবার হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকায় একটি নতুন দলীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে প্রচারের তেজ আরও বাড়ালেন তিনি। প্রচারের ফাঁকে সুন্দরবন সংলগ্ন এই এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন এবং এলাকার উন্নয়নের জন্য রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার গড়ার ডাক দেন।
রেখা পাত্রের দাবি, সুন্দরবনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে হলে কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার থাকা প্রয়োজন। এদিন হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত গ্রামগুলোতে ঘুরে তিনি সাধারণ মানুষের সাথে জনসংযোগ সারেন। গত লোকসভা নির্বাচনে সন্দেশখালির প্রতিবাদের মুখ হয়ে ওঠা রেখা এখন বিধানসভার লড়াইতেও সমান আত্মবিশ্বাসী। তাঁর কথায়, “হিঙ্গলগঞ্জের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছেন এবং উন্নয়নের স্বার্থে তাঁরা বিজেপিকেই বেছে নেবেন।”