তেহরানে আমেরিকার ‘সারপ্রাইজ’ হানা! ৩৩ হাজার বাড়ি তছনছ, ঘরছাড়া কয়েক হাজার মানুষ

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার সর্বাত্মক যুদ্ধের কালো মেঘ। গত ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর ওপর ত্রিমুখী আক্রমণ শানিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)। জল, স্থল এবং আকাশপথে চালানো এই ভয়াবহ অভিযানে অন্তত ৪০ জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইজরায়েল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর গোপন আস্তানা উড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের একটি বিশাল অস্ত্রাগারও ধ্বংস করে দিয়েছে ইজরায়েলি নৌবাহিনী।
যুদ্ধের আঁচ পৌঁছেছে ইরানের একেবারে হৃদপিণ্ডে। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ১৯২০ সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক ‘পাস্তুর ইনস্টিটিউট’ নামের একটি চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র হোসেইন কেরমানপুর একে ‘বিশ্ব স্বাস্থ্যের ওপর আঘাত’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, তেহরানের মেয়রের দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় শহরের প্রায় ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা দেখে ১,৮৬৯টি পরিবার ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
এই পরিস্থিতির মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকি উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহগুলোতে ইরানে আরও বড় মাপের হামলা চালানো হতে পারে। পালটা চিন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। চিনা বিদেশ মন্ত্রক সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে এই অস্থিরতা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার ওপর বিপর্যয় ডেকে আনতে পারে। সব মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কাঁপছে দুনিয়া।