“মরতে পারতাম আমরা!” বন্দে ভারতের খাবারের মান নিয়ে বিস্ফোরক অভিযোগ যাত্রীর, সাফাই দিল IRCTC

ভারতের অন্যতম প্রিমিয়াম ট্রেন ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর খাবারের মান নিয়ে এবার শিউরে ওঠার মতো তথ্য সামনে এল। বারাণসী থেকে দেওঘর যাওয়ার পথে ট্রেনের খাবার খেয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা যাত্রী ও তাঁর দুই বছরের সন্তান। সোশ্যাল মিডিয়ায় নিজের ফোলা ঠোঁট ও বিকৃত মুখের ছবি পোস্ট করে রেল পরিষেবার কঙ্কালসার চেহারাটা তুলে ধরেছেন আয়ুষী সিং নামে ওই যাত্রী।

গত ২৭ মার্চ বন্দে ভারতের E1 কোচে দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আয়ুষীর শরীরে তীব্র অ্যালার্জিক রিঅ্যাকশন শুরু হয়। তাঁর ঠোঁট ও মুখ অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং সারা শরীরে অস্বস্তি শুরু হয়। একই খাবার খেয়ে তাঁর দুই বছরের শিশুটিও গুরুতর ডায়রিয়ায় আক্রান্ত হয়। আয়ুষীর দাবি, সঠিক সময়ে চিকিৎসা না মিললে এই ঘটনা প্রাণঘাতী হতে পারত। তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে নিজের প্রেসক্রিপশন ও অসুস্থতার ছবি আপলোড করে রেল মন্ত্রককে ট্যাগ করেছেন।

এই ঘটনার প্রেক্ষিতে আইআরসিটিসি (IRCTC) দাবি করেছে, ওইদিন পরিবেশিত খাবারের গুণমান সঠিক ছিল এবং অন্য কোনও যাত্রী অভিযোগ করেননি। তবে কর্তৃপক্ষের এই সাফাইয়ে দমে যাননি অভিযোগকারিণী। পালটা জবাবে তিনি জানান, বাড়ির খাবার না খেয়ে ওইদিন শুধুমাত্র ট্রেনের খাবারই খেয়েছিলেন তাঁরা। রেলের এই উদাসীনতায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরাও। প্রেশাস ট্যাগ লাগানো এই ট্রেনের খাবারের সুরক্ষা নিয়ে এখন বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলে রইল।