বন্দে ভারতের খাবার খেয়েই বিপদ! ঠোঁট ফুলে ঢোল যাত্রীর, ২ বছরের শিশুর অবস্থা আরও শোচনীয়!

ভারতের অন্যতম হাই-প্রোফাইল ট্রেন ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর খাবারের মান নিয়ে আবারও বড়সড় প্রশ্ন উঠে গেল। রাঁচির বাসিন্দা আয়ুষী সিং নামে এক মহিলার ভয়ঙ্কর অভিজ্ঞতার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। আয়ুষীর অভিযোগ, বন্দে ভারতের খাবার খাওয়ার পর তাঁর শরীরে তীব্র অ্যালার্জি দেখা দেয় এবং ঠোঁট ফুলে বিকৃত হয়ে যায়। শুধু তাই নয়, তাঁর দুই বছরের সন্তানও একই খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

গত ২৭ মার্চ বারাণসী-দেওঘর বন্দে ভারত এক্সপ্রেসে (২২৫০০) ভ্রমণের সময় এই ঘটনাটি ঘটে। আয়ুষী সিং জানিয়েছেন, ট্রেনের খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, যা প্রাণঘাতী হতে পারত। তিনি রাঁচির একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের প্রেসক্রিপশন এবং নিজের ফোলা ঠোঁটের ছবি শেয়ার করে রেল পরিষেবার তীব্র সমালোচনা করেছেন। তাঁর আরও দাবি, ট্রেনের পানীয় জলের স্বাদও ছিল অত্যন্ত সন্দেহজনক এবং অভিযোগ জানালেও কর্মীরা ছিলেন উদাসীন।

এই চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষিতে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) পাল্টা সাফাই দিয়েছে। তাদের দাবি, ওইদিন ট্রেনের খাবার পরীক্ষা করে দেখা হয়েছিল এবং তা সন্তোষজনক ছিল। আয়ুষী ছাড়া অন্য কোনো যাত্রী খাবারের মান নিয়ে কোনো অভিযোগ করেননি বলেও জানিয়েছে সংস্থাটি। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবি দেখে সাধারণ যাত্রীদের মধ্যে প্রিমিয়াম ট্রেনের পরিষেবা ও স্বাস্থ্যবিধি নিয়ে চরম আতঙ্ক তৈরি হয়েছে।