“বাবার হয়ে আমি ক্ষমা চাইছি!”-ধোনি-কপিল দেবকে নিয়ে যোগরাজ সিংয়ের বিষোদগারে ইতি টানলেন যুবরাজ?

ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি এম এস ধোনি এবং কপিল দেবের বিরুদ্ধে দিনের পর দিন বিষোদগার করেছেন যোগরাজ সিং। বাবার সেই বিতর্কিত মন্তব্যের বোঝা আর বইতে পারলেন না ছেলে যুবরাজ সিং। দীর্ঘ নীরবতা ভেঙে এবার প্রকাশ্যেই ধোনি ও কপিল দেবের কাছে ক্ষমা চাইলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন মহাতারকা।

“বাবাকে বলেছি এটা ঠিক নয়”, অস্বস্তিতে যুবরাজ সম্প্রতি একটি পডকাস্টের টিজারে যুবরাজ সিংকে অত্যন্ত আবেগপ্রবণ দেখিয়েছে। সেখানে তিনি স্পষ্ট জানান, “আমি কপিল দেব এবং এম এস ধোনির কাছে ক্ষমা চাইছি। আমি বাবাকে বারবার বলেছি, এসব বলা একদম ঠিক নয়।” যোগরাজ সিংয়ের অভিযোগ ছিল, ধোনিই চক্রান্ত করে যুবরাজকে দল থেকে বাদ দিয়েছিলেন। এমনকি কপিল দেবের বিরুদ্ধে পিস্তল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হওয়ার মতো বিস্ফোরক দাবিও করেছিলেন যোগরাজ। বাবার এই সব ‘অসংলগ্ন’ আচরণে যে যুবরাজ চরম অস্বস্তিতে ছিলেন, তা এবার জলের মতো পরিষ্কার।

ধোনির প্রতি কেন সুর নরম করলেন যোগরাজ? কয়েক বছর ধরে ধোনিকে ‘ভিলেন’ বানালেও সম্প্রতি সুর নরম করেছেন যোগরাজ সিং। নেপথ্যে রয়েছে প্রাক্তন প্রধান নির্বাচক সন্দীপ পাতিলের একটি বড় খোলসা। পাতিল স্পষ্ট জানিয়েছিলেন, যুবরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ধোনির একার ছিল না, বরং তা ছিল নির্বাচক কমিটির যৌথ সিদ্ধান্ত। এই সত্য সামনে আসার পরই ধোনির প্রতি কিছুটা নমনীয় হয়েছেন যোগরাজ।

ধোনিই দিয়েছিলেন আগাম আভাস যুবরাজ নিজেই এর আগে জানিয়েছিলেন, ২০১৭ সালে যখন তিনি কামব্যাক করার চেষ্টা করছিলেন, তখন ধোনিই তাঁকে স্পষ্ট করে দিয়েছিলেন যে নির্বাচকরা তাঁকে আর ভবিষ্যৎ পরিকল্পনায় রাখছেন না। বন্ধুর মতো ধোনির সেই স্বচ্ছতা যুবরাজকে অবসর নিতে সাহায্য করেছিল।

পডকাস্টিংয়ে বড় ধামাকা প্রকাশ্যে আসা ২ মিনিটের এই টিজারে শুধু ক্ষমা প্রার্থনা নয়, যুবরাজ কথা বলেছেন বর্তমান প্রজন্মের মহাতারকা বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে শুরু করে তরুণ তুর্কি অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীকে নিয়ে। খুব শীঘ্রই এই সম্পূর্ণ পর্বটি প্রকাশিত হতে চলেছে, যা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।