“ক্যামেরার সামনেই শাকিব খানের ‘অস্বস্তিকর’ স্পর্শ!”-জ্যোতির্ময়ীর ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় দুই বাংলা

ছোট পর্দা থেকে বড় পর্দার সফরটা ছিল স্বপ্নের মতো। দেবের হাত ধরে ‘প্রজাপতি ২’-র মাধ্যমে রুপোলী পর্দায় অভিষেক ঘটিয়েছিলেন জ্যোতির্ময়ী কুণ্ডু। কেরিয়ারের গ্রাফ যখন তরতরিয়ে উঁচুতে উঠছে, ঠিক তখনই ওপার বাংলায় কাজ করতে গিয়ে চরম অস্বস্তিকর অভিজ্ঞতার মুখে পড়লেন এই টলি-সুন্দরী। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে উঠল অভব্য আচরণের অভিযোগ।

শাকিবের ‘প্রিন্স’ ফ্লপ, বিতর্কে সুপারস্টার এবারের ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছে পরিচালক আবু হায়াত মাহমুদের ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপঅন এ টাইম ইন ঢাকা’। ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখা গেছে টলিউডের জ্যোতির্ময়ীকে। যদিও বক্স অফিসে ছবিটি একেবারে মুখ থুবড়ে পড়েছে। ব্যর্থতার দায় শাকিব স্বীকার করে নিলেও, বুধবার থেকে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

অস্বস্তিতে নায়িকা, ভাইরাল ভিডিওতে কী দেখা গেল? ছবির একটি স্পেশাল স্ক্রিনিং ও সাংবাদিক সম্মেলনের ভিডিওতে দেখা যাচ্ছে, শাকিব খান দাঁড়িয়ে আছেন জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিনের মাঝে। অভিযোগ উঠেছে, কথা বলার মাঝেই শাকিব বারবার জ্যোতির্ময়ীর কোমর জড়িয়ে ধরছেন এবং তাঁকে স্পর্শ করছেন। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে, জ্যোতির্ময়ী এই আচরণে রীতিমতো কুঁকড়ে যাচ্ছেন। তাঁর চোখে-মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। এমনকি কয়েকবার শাকিবের হাত সরিয়ে দিতেও দেখা যায় তাঁকে।

 

দুই বাংলায় নিন্দার ঝড় ভিডিওটি ভাইরাল হতেই শাকিব খানের দিকে ধেয়ে আসছে সমালোচনার বাণ। দুই বাংলার নেটিজেনদের একাংশ সুপারস্টারের এই আচরণকে ‘অপেশাদার’ এবং ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন। একজন নায়িকার ব্যক্তিগত পরিসরে এভাবে ঢুকে পড়া এবং তাঁর অস্বস্তিকে গুরুত্ব না দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

শ্বেতা ভট্টাচার্য বা সৌমিতৃষা কুণ্ডুর উত্তরসূরি হিসেবে টলিউডে নিজের জায়গা পাকা করতে মরিয়া জ্যোতির্ময়ী। কিন্তু কেরিয়ারের শুরুতেই প্রতিবেশী দেশে গিয়ে এমন অনভিপ্রেত ঘটনার শিকার হওয়া নিয়ে এখন বিনোদন পাড়ায় জোর চর্চা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত শাকিব বা জ্যোতির্ময়ী—কেউই সরাসরি কোনো বিবৃতি দেননি।