১৬৭ কোটির ছবি! যশোদা-কৃষ্ণের এক ফ্রেমে মাতোয়ারা বিশ্ব, রাজা রবি বর্মার আঁকা মহার্ঘ ছবিটি কিনলেন ভারতের কোন শিল্পপতি?

ভারতীয় চিত্রকলার ইতিহাসে এক সোনালী অধ্যায় রচিত হলো। কিংবদন্তি শিল্পী রাজা রবি বর্মার আঁকা একটি তৈলচিত্র (Oil Painting) এবার রেকর্ড দামে বিক্রি হয়ে ইতিহাস গড়ল। বুধবার মুম্বাইয়ের ‘সাফরন আর্ট’ (Saffronart)-এর স্প্রিং লাইভ অকশনে ‘যশোদা অ্যান্ড কৃষ্ণ’ (Yashoda and Krishna) ছবিটি বিক্রি হয়েছে ১৬৭.২০ কোটি টাকায়। এর আগে ভারতে আধুনিক কোনো চিত্রকর্ম এত বিপুল অর্থে বিক্রি হয়নি।
রেকর্ড ভাঙলেন শিল্পপতি সাইরাস পুনাওয়ালা: ম মহার্ঘ এই ছবিটি কিনেছেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কর্ণধার তথা বিশিষ্ট শিল্পপতি সাইরাস পুনাওয়ালা। উল্লেখ্য, করোনা আবহে কোভিশিল্ড টিকা তৈরি করে বিশ্বের নজর কেড়েছিল তাঁর সংস্থা। নিলামে ছবিটি নিয়ে সংগ্রাহকদের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ১৬৭ কোটির দর হাঁকিয়ে এম এফ হোসেনের ‘গ্রামযাত্রা’র রেকর্ড ভেঙে চুরমার করে দেন পুনাওয়ালা।
ছবির জাদুকরী সৌন্দর্য: ১৮৯০-এর দশকের শেষ দিকে আঁকা এই তৈলচিত্রটিতে মা যশোদা ও শিশু কৃষ্ণের এক অপত্য স্নেহের মুহূর্ত ফুটিয়ে তুলেছেন শিল্পী। ছবিতে দেখা যাচ্ছে, যশোদা যখন গোয়াল থেকে দুধ সংগ্রহে ব্যস্ত, ঠিক তখনই পিছন থেকে তাঁকে জড়িয়ে ধরেছেন আদুরে গোপাল। একটি ছোট পাত্র হাতে নিয়ে মায়ের কাছে দুধের আবদার করছেন তিনি। রাজা রবি বর্মার তুলির টানে ছবিটিতে যেন প্রাণের স্পন্দন ধরা পড়েছে।
জাতীয় সম্পদ সংরক্ষণের বার্তা: প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ছবিটির দাম ৮০ থেকে ১২০ কোটির মধ্যে থাকবে। কিন্তু সমস্ত প্রত্যাশা ছাপিয়ে ১৬৭ কোটিতে পৌঁছায় এর মূল্য। ছবিটি কেনার পর আবেগপ্রবণ সাইরাস পুনাওয়ালা জানান, “আমি নিজেকে ধন্য মনে করছি। এটি একটি জাতীয় সম্পদ এবং আমি চাইব সাধারণ মানুষ যাতে এই অসামান্য সৃষ্টি দেখার সুযোগ পান।” ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির এক জীবন্ত দলিল হিসেবে এই ছবি এখন শিল্প দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।