“টাকা দিলেই মিলবে বাড়তি সুবিধা!”-আসছে ইনস্টাগ্রামের নতুন সাবস্ক্রিপশন প্ল্যান

সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় এবার বড়সড় বদল আনতে চলেছে মেটা। ফেসবুক ও এক্স-এর (সাবেক টুইটার) পর এবার সাবস্ক্রিপশন মডেলে হাঁটছে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের জন্য আসতে চলেছে নতুন প্রিমিয়াম সেবা ‘ইনস্টাগ্রাম প্লাস’ (Instagram Plus)। নির্দিষ্ট মাসিক ফি-র বিনিময়ে এমন কিছু ফিচার মিলবে, যা সাধারণ ব্যবহারকারীদের ধরাছোঁয়ার বাইরে।
গোপনে স্টোরি দেখা থেকে ৪৮ ঘণ্টা স্থায়িত্ব: কী থাকছে প্লাসে?
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্ন্যাপচ্যাট প্লাস-এর আদলে তৈরি এই সেবায় ব্যবহারকারীরা একগুচ্ছ নতুন সুবিধা পাবেন:
-
পরিচয় গোপন রাখা (Anonymous Story View): আপনি অন্যের স্টোরি দেখবেন, কিন্তু ভিউয়ার লিস্টে আপনার নাম উঠবে না। অর্থাৎ পরিচয় গোপন রেখেই নজর রাখা সম্ভব হবে।
-
ডাবল ভিউ ইনসাইটস: আপনার স্টোরি কে কতবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন, সেই তথ্যও এবার আপনার হাতের মুঠোয় আসবে।
-
৪৮ ঘণ্টার স্টোরি: সাধারণ ২৪ ঘণ্টার বদলে আপনার দেওয়া স্টোরি এখন দু’দিন বা ৪৮ ঘণ্টা পর্যন্ত দৃশ্যমান থাকবে।
-
সুপার লাইক ও স্পটলাইট: স্টোরিতে বিশেষ অ্যানিমেটেড ‘সুপার লাইক’ দেওয়ার পাশাপাশি নিজের পছন্দের স্টোরিকে ফলোয়ারদের ফিডের একদম শুরুতে তুলে ধরার সুযোগ থাকবে।
-
কাস্টম অডিয়েন্স গ্রুপ: শুধু ‘ক্লোজ ফ্রেন্ডস’ নয়, এখন থেকে আলাদা আলাদা গ্রুপ তৈরি করে নির্দিষ্ট স্টোরি নির্দিষ্ট মানুষের সাথে শেয়ার করা যাবে।
কত খরচ হতে পারে?
প্রাথমিকভাবে ফিলিপিন্স, মেক্সিকো এবং জাপানে এই পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। দেশভেদে এর দাম আলাদা হতে পারে। যেমন:
-
ফিলিপিন্স: মাসিক প্রায় ১০০ টাকার কাছাকাছি (৬৫ পিএইচপি)।
-
জাপান: প্রায় ৩১৯ ইয়েন।
-
মেক্সিকো: প্রায় ৩৯ এমএক্সএন।
মেটা স্পষ্ট জানিয়েছে, এই ‘ইনস্টাগ্রাম প্লাস’ তাদের বিদ্যমান ‘মেটা ভেরিফায়েড’ (ব্লু টিক) থেকে সম্পূর্ণ আলাদা। এটি মূলত সাধারণ ব্যবহারকারীদের ব্যক্তিগত নিয়ন্ত্রণ এবং কনটেন্টের রিচ বাড়ানোর জন্য আনা হচ্ছে।
গোপনীয়তা বনাম সুবিধা
পরিচয় গোপন রেখে স্টোরি দেখার সুবিধা নিয়ে ইতিমধেই প্রযুক্তি মহলে বিতর্ক শুরু হয়েছে। তবে মেটা-র দাবি, ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুনত্ব আনতেই এই প্রিমিয়াম মডেল। ভারতে এই পরিষেবা কবে নাগাদ চালু হবে, তা এখনও নিশ্চিত করেনি সংস্থাটি।