ইডেনে আজ কেকেআর বনাম হায়দরাবাদ! ২৫ কোটির গ্রিনকে নিয়ে বড় আপডেট দিলেন অভিষেক নায়ার

আইপিএলের হাই-ভোল্টেজ ম্যাচে আজ ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলই তাদের প্রথম ম্যাচে হারের মুখ দেখেছে—কলকাতা হেরেছে মুম্বইয়ের কাছে এবং হায়দরাবাদ পরাস্ত হয়েছে আরসিবির কাছে। ফলে আজকের ম্যাচ দুই শিবিরের জন্যই ঘুরে দাঁড়ানোর মরণ-বাঁচন লড়াই। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নাইট কোচ অভিষেক নায়ার দলের রণকৌশল এবং চোট-আঘাত নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নিলেন।
সবচেয়ে বেশি চর্চা হচ্ছে অজি তারকা ক্যামেরন গ্রিনকে নিয়ে। ২৫ কোটি টাকার এই খেলোয়াড়কে নিয়ে নায়ার জানান, নিলামের সময় কারও ভবিষ্যৎ বলা সম্ভব নয়। তবে দুশ্চিন্তার বিষয় হলো, অস্ট্রেলিয়া বোর্ড গ্রিনকে এখনই বোলিং করতে নিষেধ করেছে, যার ফলে আগামী অন্তত তিনটি ম্যাচে তাঁকে কেবল ব্যাটার হিসেবেই দেখা যাবে। প্রশ্ন উঠছে, শুধু ব্যাটিংয়ের জন্য এত বিপুল অর্থ খরচ কি যুক্তিযুক্ত ছিল? অন্যদিকে, প্রথম ম্যাচে ব্যর্থ হলেও বরুণ চক্রবর্তীর ওপর পূর্ণ আস্থা রাখছেন নায়ার। তাঁর মতে, বরুণ মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং ইডেনের চেনা পিচে তিনি স্বমহিমায় ফিরবেন।
কেকেআর ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দলের বোলিং বিভাগ। হর্ষিত রানা, আকাশ দীপ ও অর্শদীপ সিংয়ের অনুপস্থিতিতে ব্লেসিং মুরাজাবানি ও বৈভব অরোরা প্রথম ম্যাচে ছন্দে ছিলেন না। দলের অভিজ্ঞতার ঘাটতি মেটাতে সাপোর্ট স্টাফরা আপ্রাণ চেষ্টা করছেন। ‘বেবি মালিঙ্গা’ মাহিশা পাথিরানার খেলা প্রসঙ্গে নায়ার জানান, তিনি এখনও ফিটনেস টেস্টের প্রক্রিয়ায় আছেন এবং ফিজিওর সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে ম্যানেজমেন্ট। আজ হায়দরাবাদের বিধ্বংসী টপ অর্ডার—অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড ও ঈশান কিষানকে দ্রুত ডাগআউটে ফেরানোই হবে নাইট বোলারদের প্রধান চ্যালেঞ্জ।