সুপ্রিম কোর্টের নজিরবিহীন ধমক! মুখ্যসচিব থেকে ডিজি-র আচরণ ‘নিন্দনীয়’, কালিয়াচক কাণ্ডে শোকজ নবান্নকে

মালদহের কালিয়াচকে ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় এবার নজিরবিহীনভাবে ফুঁসে উঠল দেশের সর্বোচ্চ আদালত। নবান্নের শীর্ষস্তরের আধিকারিকদের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, এই ঘটনা রাজ্য প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা। আদালতের কড়া পর্যবেক্ষণ— “মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং এসপি-র আচরণ অত্যন্ত নিন্দনীয়।”
শীর্ষ আদালতের কড়া দাওয়াই:
এদিন সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষে সওয়াল করেন কপিল সিব্বল ও গোপাল শঙ্করনারায়ণ। অন্যদিকে কমিশনের পক্ষে ডিএস নাইডু ও এজি তুষার মেহেতা বুধবারের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দেন। সব শোনার পর আদালত নির্দেশ দিয়েছে যে, বিচারবিভাগীয় আধিকারিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। শুধু কর্মক্ষেত্রেই নয়, তাঁদের বাসভবনেও নিরাপত্তা দেবে বাহিনী। এমনকি পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকলে কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
শোকজ ও হাজিরার নির্দেশ:
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির চিঠির প্রেক্ষিতে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সেই মর্মে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, জেলাশাসক এবং এসপি-কে শোকজ করা হয়েছে। আগামী ৬ই এপ্রিল বিকেল ৪টের সময় এই সমস্ত আধিকারিকদের অনলাইনে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, শুনানি চলাকালীন ২-৩ জনের বেশি প্রবেশ এবং বাইরে ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যকে দ্রুত এই বিষয়ে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।