১৮ হাজার থেকে একলাফে ৫৪ হাজার! অষ্টম পে কমিশনে সরকারি কর্মীদের বেতন নিয়ে বিরাট ধামাকা, জেনে নিন কবে থেকে?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুশির খবর! বহুল প্রতীক্ষিত অষ্টম পে কমিশন (8th Pay Commission) নিয়ে জল্পনা এবার তুঙ্গে। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এবার কর্মীদের বেতন বৃদ্ধির হার বিগত সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে। বিশেষ করে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’-এর ওপর ভিত্তি করে লেভেল-১ কর্মীদের ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে একধাক্কায় ৫৪,০০০ টাকা পর্যন্ত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ, বছরে আড়াই লক্ষ টাকা আয় করা একজন কর্মীর বার্ষিক বেতন পৌঁছাতে পারে সাড়ে সাত লক্ষ টাকায়।

গত বছরের ফেব্রুয়ারিতে অষ্টম পে কমিশন গঠনের প্রাথমিক ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল। নির্ধারিত সময় অনুযায়ী, এই কমিশন গঠন হওয়ার ১৮ মাসের মধ্যে তাদের সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার কথা। তবে সুপারিশ পেশের আগেই বেতন বৃদ্ধির যে ফর্মুলা সামনে এসেছে, তাতে উচ্ছ্বসিত কর্মচারীরা। বিশেষজ্ঞদের মতে, ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনের মতো এবারও বেতন বৃদ্ধির মূল চাবিকাঠি হবে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’।

অল ইন্ডিয়া NPS এমপ্লয়িজ ফেডারেশনের জাতীয় সভাপতি মনজিৎ সিং প্যাটেল জানিয়েছেন, মহার্ঘ ভাতা (DA) এবং গ্রোথ ফ্যাক্টরের ওপর ভিত্তি করেই এই নতুন কাঠামো তৈরি হবে। বর্তমানে যদি ডিএ ৫৮ শতাংশ হয় এবং অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার সময় আরও ১২ শতাংশ বৃদ্ধি পায়, তবে তা ৭০ শতাংশে পৌঁছাবে। আগের বার ফিটমেন্ট ফ্যাক্টর ৩ থাকলেও, এবার তা ৫ করার সুপারিশ আসতে পারে। যদি এই ৫ গুণ বৃদ্ধির সুপারিশ সরকার মেনে নেয়, তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোয় এক ঐতিহাসিক পরিবর্তন আসবে।

বেতন বৃদ্ধির এই হিসেবে মূল বেতন, মহার্ঘ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং ফ্যামিলি ইউনিটকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে মনে রাখা জরুরি, এগুলি সবই প্রাথমিক সুপারিশ ও জল্পনার স্তরে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে ২০২৬ সালের শুরু থেকেই যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আর্থিক অবস্থার আমূল পরিবর্তন হতে চলেছে, সেই ইঙ্গিতই দিচ্ছে বর্তমান রিপোর্টগুলো। এখন শুধু দেখার, চূড়ান্ত বিজ্ঞপ্তিতে সরকারি সিলমোহর কবে পড়ে।