‘ইরানকে প্রস্তরযুগে ফিরিয়ে দেব!’ ট্রাম্পের হুঙ্কারে বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ; ‘অপারেশন এপিক ফিউরি’র ঘোষণা

ইরান ও আমেরিকার মধ্যবর্তী উত্তেজনা প্রশমনের কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। হোয়াইট হাউস থেকে এক বিস্ফোরক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিলেন যে, ইরানের বিরুদ্ধে লড়াই এখনই থামছে না। আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে ‘অপারেশন এপিক ফিউরি’ (Operation Epic Fury) জারি থাকবে বলে তিনি জানিয়েছেন। ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান যদি নিজেদের বিপজ্জনক মিসাইল ও পরমাণু কর্মসূচি বন্ধ না করে, তবে দেশটিকে ‘প্রস্তরযুগে’ ফিরিয়ে দেওয়া হবে।

ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান গোপনে বিপজ্জনক মিসাইল তৈরি করার চেষ্টা চালাচ্ছে, যা বিশ্বশান্তির জন্য বড় হুমকি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর প্রশাসনের অধীনে ইরানকে কোনওভাবেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে দেওয়া হবে না। ট্রাম্পের এই রণংদেহি মেজাজে বিশ্ববাজারে তোলপাড় শুরু হয়েছে। তাঁর ভাষণের পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১০৫ ডলারে পৌঁছে গিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।