পকেটে কোপ! আজ থেকেই বাড়ছে ইন্ডিগোর বিমান ভাড়া; জেনে নিন কোন রুটে কত খরচ

আকাশপথে যাতায়াত এবার আরও ব্যয়বহুল হতে চলেছে। জ্বালানি সংকটের জেরে বিমান জ্বালানি বা জেট ফুয়েলের (ATF) দাম আকাশছোঁয়া হওয়ায় আজ, ২ এপ্রিল থেকে বিমান ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়ল সাধারণ যাত্রীদের পকেটে। ইন্ডিগো জানিয়েছে, জেট ফুয়েলের দাম প্রায় ১৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়েই তারা এই অতিরিক্ত ‘ফুয়েল চার্জ’ আরোপ করছে।
ইন্ডিগোর ঘোষণা অনুযায়ী, দেশীয় উড়ানের ক্ষেত্রে দূরত্ব অনুযায়ী অতিরিক্ত ২৭৫ টাকা থেকে ৯৫০ টাকা পর্যন্ত ফুয়েল চার্জ দিতে হবে। ৫০০ কিমি পর্যন্ত দূরত্বের জন্য ২৭৫ টাকা এবং ২০০০ কিমি-র বেশি দূরত্বের জন্য ৯৫০ টাকা অতিরিক্ত গুনতে হবে। অন্যদিকে, আন্তর্জাতিক রুটের পরিস্থিতি আরও ভয়াবহ। গত ৩০ দিনে এটিএফ-এর দাম দ্বিগুণ হওয়ায় ব্রিটেন ও ইউরোপের ফ্লাইটে প্রতি সেক্টরে ১০ হাজার টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি পেয়েছে। উপসাগরীয় দেশ ও মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে ৩ থেকে ৫ হাজার এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও চিনের ক্ষেত্রে ৩৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বাড়তি খরচ হবে যাত্রীদের।
সংস্থাটি জানিয়েছে, তাদের মোট পরিচালন ব্যয়ের প্রায় ৪০ শতাংশই খরচ হয় জ্বালানিতে। বর্তমান পরিস্থিতিতে এই বিপুল ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবে ইন্ডিগো এও উল্লেখ করেছে যে, ঘরোয়া জ্বালানির ক্ষেত্রে সরকার সময়মতো হস্তক্ষেপ না করলে বিমান ভ্রমণ সাধারণ মানুষের জন্য কার্যত অসম্ভব হয়ে পড়ত। মার্চ মাসেও একবার সারচার্জ বাড়ানো হয়েছিল, কিন্তু এপ্রিলের এই বৃদ্ধি ভ্রমণপিপাসু ও ব্যবসায়িক প্রয়োজনে যাতায়াতকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।