সৌরভ গাঙ্গুলির বায়োপিকের শ্যুটিং শুরু! জেনেনিন ‘দাদা’-র গল্পে কী কী থাকছে?

প্রতীক্ষার অবসান! এবার সেলুলয়েডে ধরা দিতে চলেছেন ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘ জল্পনা আর প্রতীক্ষার পর অবশেষে ১ এপ্রিল থেকে ফ্লোরে নামল সৌরভের বায়োপিক। আর পর্দার ‘দাদা’ হিসেবে কে থাকছেন, সেই রহস্যও ফাঁস করলেন খোদ অভিনেতা নিজেই।

শুরু হলো শুটিং, ভাইরাল রাজকুমারের পোস্ট

লভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের প্রযোজনায় এবং বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় শুরু হয়েছে বহুল চর্চিত এই ছবির কাজ। বলিউডের ভার্সাটাইল অভিনেতা রাজকুমার রাও থাকছেন সৌরভের ভূমিকায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ক্ল্যাপস্টিক-এর ছবি শেয়ার করেছেন রাজকুমার, যাতে বড় বড় অক্ষরে লেখা ‘দাদা’। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে ইডেন গার্ডেন্সের সেই বিখ্যাত ‘সৌরভ গাঙ্গুলি স্ট্যান্ড’। এই পোস্ট নিমেষেই ভাইরাল হয়েছে ভক্তদের মধ্যে।

কলকাতায় কবে হবে শুটিং?

সূত্র মারফত জানা যাচ্ছে, প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হলেও পশ্চিমবঙ্গের নির্বাচনের পরেই খাস কলকাতায় পা রাখবে ছবির পুরো ইউনিট। লভ ফিল্মসের এই টিম ইতিমধ্যেই সৌরভের বীরেন রায় রোডের বাড়ি এবং তাঁর ছোটবেলার কোচিং সেন্টার ‘দুঃখী রাম’-এ রেকি সেরে ফেলেছে। এমনকি ইডেন গার্ডেন্সের অলিগলিও ঘুরে দেখেছেন পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ান।

 

View this post on Instagram

 

A post shared by RajKummar Rao (@rajkummar_rao)

সৌরভ কী বলছেন তাঁর ‘অনস্ক্রিন’ অবতার নিয়ে?

খোদ মহারাজ কিন্তু রাজকুমার রাওকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত। ২০২৫ সালের এক সাক্ষাৎকারে সৌরভ নিজেই বলেছিলেন, “রাজকুমার এই চরিত্রের জন্য যথাযথ পছন্দ। আমি ওকে সর্বতোভাবে সাহায্য করব।” ক্রিকেটের মহারাজ থেকে বোর্ড প্রেসিডেন্ট— সৌরভের ১৮,৫৭৫ রান এবং ৩৮টি সেঞ্চুরির নেপথ্যের সংগ্রাম আর রোমাঞ্চকর অধিনায়কত্বই হতে চলেছে এই ছবির মূল আকর্ষণ।

সৌরভের চরিত্রে রাজকুমার রাওকে দেখা গেলেও, ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে থাকছেন— তা নিয়ে এখনও সাসপেন্স বজায় রেখেছেন নির্মাতারা। ক্রিকেট আর সিনেমার এই ধামাকা দেখতে এখন চাতক পাখির মতো অপেক্ষায় ‘দাদা’র অনুরাগীরা।