যুদ্ধের আঁচে পুড়ছে মধ্যবিত্ত! এক লাফে ১২ টাকা বাড়ল অটো গ্যাস, এবার কি ভাড়া বৃদ্ধির পালা?

পশ্চিম এশিয়ার যুদ্ধের মেঘ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের পকেটে। ১ এপ্রিল নতুন অর্থবর্ষের শুরুতেই বাণিজ্যিক গ্যাস এবং অটো এলপিজির (Auto LPG) আকাশছোঁয়া দাম বৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছেন নিত্যযাত্রীরা। রান্নার গ্যাসের দাম না বাড়ায় গৃহিণীরা কিছুটা স্বস্তি পেলেও, যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কায় উদ্বিগ্ন অফিসযাত্রী থেকে পড়ুয়ারা।

অটো এলপিজিতে রেকর্ড বৃদ্ধি: বিশ্ববাজারে তেলের অস্থিরতার জেরে কলকাতায় এক ধাক্কায় লিটার প্রতি ১২ টাকা ২৮ পয়সা বাড়ল অটো এলপিজির দাম। এর ফলে শহরের হাজার হাজার অটোচালকের দৈনিক উপার্জনে টান পড়েছে। চালকদের দাবি, গত এক মাসে ধাপে ধাপে গ্যাসের দাম প্রায় ২৫ টাকা বেড়েছে, কিন্তু সেই তুলনায় সরকারিভাবে ভাড়া বাড়ানো হয়নি।

বাণিজ্যিক গ্যাসেও কোপ: শুধু অটো নয়, প্রভাব পড়েছে রেস্তোরাঁ ও বাণিজ্যিক ক্ষেত্রেও। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম একবারে ২১৮ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে বাইরের খাবারের দামও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ভাড়া কি বাড়বে? ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটে অঘোষিতভাবে অটো ভাড়া ১ থেকে ৩ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। অটো ইউনিয়নগুলোর দাবি, এই বিপুল পরিমাণ জ্বালানির খরচ পকেট থেকে দিয়ে অটো চালানো অসম্ভব। ফলে যে সমস্ত রুটে এখনও ভাড়া বাড়েনি, সেখানেও আগামী কয়েক দিনের মধ্যে ভাড়া বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন, তবে যুদ্ধের আবহে জ্বালানির এই ‘অগ্নিমূল্য’ আমজনতার নাভিশ্বাস তুলে দিচ্ছে।