‘আমরা কি দু’পয়সার শিল্পী?’ রাহুলের মৃত্যুতেও বন্ধ হলো না শুটিং, টলিপাড়ার ‘পরিবার’তন্ত্র নিয়ে বিস্ফোরক সুদীপ্তা!

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে যখন গোটা টলিপাড়া শোকস্তব্ধ হওয়ার কথা, ঠিক তখনই এক চরম অমানবিক বাস্তবকে সামনে আনলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। রবিবার তালসারি বিচে শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয়েছে রাহুলের। কিন্তু সহকর্মীর এই মর্মান্তিক পরিণতির পরও স্টুডিওপাড়ার লাইট-ক্যামেরা-অ্যাকশন বন্ধ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে সুদীপ্তা প্রশ্ন তুলেছেন টলিউডের তথাকথিত ‘একটাই পরিবার’ তকমা নিয়ে। তাঁর তীক্ষ্ণ প্রশ্ন, সরকারি অনুষ্ঠান বা ভিড় বাড়ানোর প্রয়োজনে যদি নিমেষে হোয়াটসঅ্যাপ মেসেজে শুটিং বন্ধ করা যায়, তবে এক তরুণ সহকর্মীর শেষযাত্রায় শামিল হতে কেন এক ঘণ্টা সময় পাওয়া যায় না? কেন তখন ‘এপিসোড ব্যাঙ্কিং’ বা ‘টেলিকাস্ট’ আটকে যাওয়ার অজুহাত দেওয়া হয়? সুদীপ্তার আক্ষেপ, একজন রিকশাচালক বা সবজি বিক্রেতাও সহকর্মীর মৃত্যুতে শোক পালন করে, কিন্তু শিল্পীরা কি তবে শুধুই ‘দুই পয়সার’?

সুদীপ্তা সতর্ক করে লিখেছেন, এখানে প্রতিবাদ করলেই ‘ব্যান’ হওয়ার ভয়। বুকে পাথর চাপা দিয়েও লিপস্টিক মেখে প্রেমের অভিনয় করতে হয়, কারণ পিছনেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ‘রিপ্লেসমেন্ট’। শিল্পীরা এখানে শুধুই সুতো কাটা ঘুড়ি, যাদের লাটাই অন্যের হাতে। রাহুলের মৃত্যু কেবল সুরক্ষার অভাব নয়, টলিপাড়ার অন্দরের এই চরম সংবেদনহীনতাকেও আজ কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল।