‘কেন যে জলে নামতে গেল!’ রাহুলের রহস্যমৃত্যুতে মর্মাহত সৌরভ, প্রিয় বন্ধুকে হারিয়ে বিলাপ মহারাজের

ওড়িশার তালসারিতে শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ গোটা টলিপাড়া। সোমবার, ৩০ মার্চ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন টলিউডের নক্ষত্ররা। রাহুলের এই আকস্মিক চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

রাহুলের সঙ্গে সৌরভের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। ‘দাদাগিরি’-র মঞ্চে বারবার রাহুলের উপস্থিতি এবং ব্যক্তিগত স্তরে তাঁদের হৃদ্যতা ছিল চোখে পড়ার মতো। সোমবার একটি বই প্রকাশ অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, ‘‘রাহুল আমার খুবই কাছের ছিল। শ্যুটিংয়ের কাজে হলেও কেন যে জলে নামতে গিয়েছিল, জানি না। জীবন নিয়ে ঝুঁকি নেওয়া কখনওই উচিত নয়।’’ সৌরভ আরও যোগ করেন যে, তিনি নিজে স্কুবা ডাইভিং বা প্যারাগ্লাইডিংয়ের মতো ঝুঁকিপূর্ণ স্পোর্টস থেকে দূরে থাকতেই পছন্দ করেন। প্রিয় বন্ধুর এই অকাল বিদায় সৌরভের কাছে এক অপূরণীয় ক্ষতি।