লিভ-ইন করলেই কি এখন ‘বিবাহিত’? ২০২৭-এর আদমশুমারিতে কেন্দ্রের মেগা সিদ্ধান্ত!

পরিবর্তনশীল সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবার সম্পর্কের সংজ্ঞায় আমূল বদল আনতে চলেছে ভারত সরকার। ২০২৭ সালের আসন্ন ডিজিটাল আদমশুমারিতে (Census 2027) লিভ-ইন পার্টনার বা সহবাসে থাকা যুগলদের জন্য এক বিশেষ ঘোষণা করেছে কেন্দ্র। সরকারি নির্দেশিকা অনুযায়ী, যদি কোনও যুগল লিভ-ইন সম্পর্কে থাকেন এবং নিজেদের সম্পর্ককে ‘স্থিতিশীল’ বলে মনে করেন, তবে নথিপত্রে তাঁদের ‘বিবাহিত’ হিসেবেই গণ্য করা হবে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই ঐতিহাসিক স্পষ্টীকরণ দেওয়া হয়েছে।

নয়াদিল্লি সূত্রে খবর, সামাজিক কাঠামোর বিবর্তনকে স্বীকৃতি দিতেই এই পদক্ষেপ। আগে সাধারণত অবিবাহিত যুগলরা একত্রে থাকলে অনেক সময় আইনি বা সামাজিক জটিলতার মুখে পড়তেন। কিন্তু নতুন নিয়মে, আদমশুমারির তথ্য সংগ্রহের সময় যদি কোনও দম্পতি নিজেদের বিবাহিত বলে পরিচয় দেন, তবে গণনাকারীরা তাঁদের সেই তথ্যই নথিভুক্ত করবেন। মূলত বাড়ির তালিকাভুক্তকরণ পর্বে বিবাহিত দম্পতির সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে এই শিথিলতা আনা হয়েছে। তবে ‘স্থিতিশীল সম্পর্ক’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে এবং এর আইনি প্রভাব ভবিষ্যতে কতটা সুদূরপ্রসারী হবে, তা নিয়ে ইতিমধ্য়েই বিশেষজ্ঞ মহলে চর্চা শুরু হয়েছে।

আগামী ২০২৭ সালের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আদমশুমারির প্রথম পর্ব সম্পন্ন হবে। এই পর্বে মূলত বসতবাড়ি ও পরিকাঠামো সংক্রান্ত তথ্য নেওয়া হবে। দ্বিতীয় পর্বে চলবে বিস্তারিত জনসংখ্যা গণনা। এবারের সেন্সাস সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে, যেখানে প্রায় ৩০ লক্ষ কর্মী অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন। উল্লেখ্য, স্বাধীনতার পর এই প্রথমবার জাতিভিত্তিক আদমশুমারিও (Caste Census) অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রক্রিয়ায়। লিভ-ইন যুগলদের এই স্বীকৃতি আধুনিক ভারতের এক নতুন সামাজিক অধ্যায় হিসেবেই দেখছেন অনেকে।