পুরুলিয়ার সাংসদ-বিধায়কদের শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ! ঝালদায় উন্নয়নের খতিয়ান চাইলেন অভিষেক

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুরুলিয়ার ঝালদা থেকে বিজেপি-কে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেন্দুযারি কুঞ্জ ময়দানের জনসভা থেকে তিনি অভিযোগ করেন, বিজেপি উন্নয়নের চেয়ে ধর্ম ও জাতির নামে বিভেদ সৃষ্টি করতেই বেশি আগ্রহী। অভিষেক সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং চার বিধায়ক গত পাঁচ বছরে এলাকার জন্য কী কাজ করেছেন, তার খতিয়ান দিন।
অভিষেক এদিন রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, “ভোট মিটলেই গ্যাসের দাম ২ হাজার টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।” তিনি আরও দাবি করেন, কেন্দ্র ১০০ দিনের কাজ ও আবাস যোজনার মতো প্রকল্পের টাকা আটকে রেখে রাজ্যের মানুষকে ভাতে মারার চেষ্টা করছে। বিজেপি নেতাদের ‘জমিদার’ আখ্যা দিয়ে ভোটারদের উদ্দেশে তাঁর টিপ্পনী, “বিজেপি টাকা দিলে নিয়ে নিন, ওটা আপনাদেরই টাকা। কিন্তু ভোট দেওয়ার সময় তৃণমূলকেই দেবেন।” কুর্মালী ও রাজবংশী ভাষার স্বীকৃতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কথাও এদিন মনে করিয়ে দেন তিনি।